পাসপোর্টেও জালিয়াতি, পুজোর মুখেই রাজ্যের একাধিক জায়গায় সিবিআই হানা, চলছে জোর তল্লাশি

এবার পাসপোর্টেও জালিয়াতির খবর মিলল। মহালয়ার সকালে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। দুর্গাপুজোর মুখে চলছে জোর তল্লাশি। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পড়শি রাজ্য সিকিমেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গতকাল, শুক্রবার সন্ধ্যেয় পাসপোর্ট জালিয়াতি মামলায় শুরু হয়েছে সিবিআই তল্লাশি। গ্যাংটক, শিলিগুড়ি মিলিয়ে মোট ৫০ জায়গায় সিবিআই হানা দেয় বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই দু’জনের মধ্যে একজন মিডলম্যান হিসেবে কাজ করত বলে জানা গিয়েছে। আর অন্য একজন পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিটেন্ডেন্ট।

ভিন রাজ্যের এক মামলার উপর ভিত্তি করে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ২৪ জনের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করার অভিযোগে মামলা রুজু করেছে সিবিআই। সেই সূত্র ধরেই শুক্রবার সন্ধ্যেয় রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা।

অভিযোগ, ভুয়ো নথির উপর ভিত্তি করে জাল পাসপোর্ট তৈরি করার একটি চক্র কাজ করছিল। গতকাল সন্ধ্যে থেকেই সেই অভিযোগের তদন্তেই উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কিছু জায়গায় সিবিআই অভিযান চলছে।

শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীদের তল্লাশি চলছে বলে খবর। জানা গিয়েছে, মহালয়ার দিন সকালেই হাওড়ার উলুবেড়িয়ায় হানা দিয়েছে সিবিআই। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামের শেখ শাহানুর নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর সেখান থেকে শেখ শাহানুরকে নিয়েই বেরিয়ে যান তদন্তকারীরা।  

RELATED Articles