- চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর আনল ভারতীয় ডাক বিভাগ। বিপুল পদে নিয়োগ চলছে ইন্ডিয়ান পোস্টে। জানা গিয়েছে, গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে চলছে নিয়োগ। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। অনলাইনেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-তে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০,০৪১ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। গত ৩ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা আগামী ২৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে।
বয়সসীমা
১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীদের। যদিও সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীদের দশম শ্রেণি পাশ করতে হবে। এছা়ড়াও প্রার্থীকে যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মুক্ত এবং শারীরিকভাবে ফিট থাকাও জরুরি।
বেতন
গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত হলে প্রার্থীরা মাসিক ১২ হাজার টাকা বেতন পাবেন। এছাড়াও সরকারি কর্মী হিসাবে পাবেন অন্যান্য সুযোগ সুবিধাও।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে আবেদনকারীদের যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
- হোমপেজে জিডিএস রিক্রুটমেন্ট ২০২৩ লিঙ্ক অথবা বিভাগে ক্লিক করতে হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।
- আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য ‘অ্যাপ্লাই অনলাইন’ অথবা ‘রেজিস্ট্রেশন লিঙ্কে’ ক্লিক করতে হবে।
- ব্যক্তিগত বিবরণী, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।





