বাড়ির টবে লাউ চাষ করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

লাউ বাঙালির অতি প্রিয় খাবার। লাউ চিংড়ি থেকে লাউ শাকের বড়ি দিয়ে চচ্চড়ি সবকিছুই আমরা গরম ভাত দিয়ে চেটেপুটে খাই। লাউয়ের ভেষজগুণ অনেক, শরীর ঠান্ডা রাখতে লাউ এর জুড়ি নেই। তবে অনেকেই এখন বাজার থেকে সবজি কিনতে চান না কারণ বাজারের সবজিতে রাসায়নিক মেশানো থাকে। কিন্তু বাড়িতে যদি লাউ চাষ করতে চান তাহলে করবেন কীভাবে?

প্রথমে একটি বড় ড্রাম বা টব নিতে হবে কারণ লাউ চাষের জন্য অনেকটা জায়গা লাগে। এরপর প্রয়োজন এঁটেল দোআঁশ মাটি। এর সঙ্গে গোবর সার মিশিয়ে মাটি তৈরি করে রাখতে হবে। আর যদি জৈব সার ব্যবহার করতে চান তাহলে সরষের খোল পচা দেবেন।

এরপর ১০ থেকে ১৫ দিন পরে কোন নার্সারি থেকে লাউয়ের ভালো মানের বীজ কিনে আনবেন। সেটিকে যেদিন মাটিতে পড়বে তার আগের দিন রাতে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এরপর পরের দিন তৈরি করা মাটিতে ভালো করে গর্ত খুঁড়ে পুঁতে দেবেন। জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে।

লাউ গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়। তাই দুবেলা জল দিতে হয়। এছাড়া গাছ বড় হলে মাচা করে দেবেন।অনেক সময় লাউ গাছে পিঁপড়ের আক্রমণ হয় তা প্রতিহত করতে গাছে ছাই দেবেন অল্প করে মাঝে মাঝে।

RELATED Articles