বাংলাদেশ (Bangladesh) ও আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়িয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে। সম্প্রতি একাধিক ঘটনায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রশাসন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিসরে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জায়গা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, যেকোনো দেশের সামগ্রিক উন্নতির জন্য সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কিন্তু বাস্তব পরিস্থিতি কি তেমনই? এই প্রশ্নই এখন উঠে আসছে আন্তর্জাতিক মহলে।
এই পরিস্থিতিতেই এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা করল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা পর্যবেক্ষণ করছে এবং এই ধরনের ঘটনার কড়া সমালোচনা করছে। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনকে নিন্দা করি। বাংলাদেশের বর্তমান সরকার যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে আমরা তাকে স্বাগত জানাব।”
আরও পড়ুনঃ স্পিকারের কেন্দ্রে শুভেন্দুর গাড়িতে হামলা! বিধানসভায় বিজেপির বিক্ষোভে উত্তাল, কুশপুত্তলিকা দাহ
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারত সফরে এসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তিনি বলেছিলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসন এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন।” তুলসীর এই মন্তব্যের পর বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার কড়া প্রতিক্রিয়া দিয়েছিল।
ঢাকা সরকার মার্কিন প্রশাসনের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছিল। কিন্তু এরপরেও ওয়াশিংটনের অবস্থান যে বদলায়নি, তা ট্যামি ব্রুসের বক্তব্য থেকে পরিষ্কার। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে বাংলাদেশের উপর। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকার এই অবস্থান বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।





