মানুষ পরিবর্তন হচ্ছে। সমাজ উন্নত হচ্ছে। একটা সময় ছিল ভারতের মানুষ যখন কন্যাভ্রূণ হত্যা করত। সময় পাল্টেছে বলা যায় এখন। কারণ যে ঘটনা সামনে আসছে তা এক অন্য নজির গড়ছে।
বিহারের ছাপড়ার একটি পরিবার তাঁদের সদ্যজাত কন্যা সন্তানকে পেয়ে অত্যন্ত আনন্দিত। এমনকি ওই পরিবার মেয়ের আগমনে উৎসব পালন করছে। তাঁদের কথায় বাড়িতে লক্ষ্মী এসেছে। প্রায় ৪৫ বছর পর ওই পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে।
শিশুকন্যাটিকে বাড়ি আনার জন্য ব্যান্ড বাজিয়ে এবং পালকি সাজিয়ে হাসপাতাল থেকে আনা হয়। রীতিমতো উৎসব পালন করা হয়েছে। ওই পরিবারের প্রধান এবং শিশুকন্যাটির ঠাকুরদা শিবজি প্রসাদ জানিয়েছেন ‘কন্যারা হল লক্ষ্মীর রূপ।’
জানা গিয়েছে, বিহারের ছাপড়ার একমা নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ধীরাজ গুপ্তর পরিবারে এখন খুশির জোয়ার বইছে।কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের পরিবারে লক্ষ্মী এসছে। একমার একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে বাচ্চাটি। পরিবারের তরফে গোটা হাসপাতালে মিষ্টি খাওয়ানো হয়েছে।





