অ্যাপ ক্যাবে যাতায়াত খরচ হবে আরও কম, একই জায়গায় যেতে এবার বন্ধুদের সঙ্গে নিজের যাত্রা শেয়ার করুন, ‘Group Rides’ চালু করল Uber

এবার উবের যাত্রা হবে আরও সাশ্রয়ী। এক দারুণ অপশন নিয়ে হাজির উবের। গতকাল, মঙ্গলবার অ্যাপ ক্যাব সংস্থা উবেরের তরফে ‘গ্রুপ রাইডস’ নামের একটি পরিষেবা চালু করা হয়েছে যার মাধ্যমে এবার আরোহীরা একই গন্তব্যে যেতে নিজেদের বন্ধুদের সঙ্গে রাইড শেয়ার করতে পারেন। সর্বোচ্চ তিনজন বন্ধুর সঙ্গে এই রাইড শেয়ার করতে পারবেন একজন আরোহী। সেই আরোহী কতজন বন্ধুর সঙ্গে নিজের রাইড শেয়ার করছেন, তার উপর নির্ভর করে সংশ্লিষ্ট আরোহী উবের ভাড়ার উপর ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বাঁচাতে পারবেন।

উবেরের নতুন এই পরিষেবার মাধ্যমে আরোহী মেসেজিং অ্যাপে মাধ্যমে নিজের বন্ধুদের উবের রাইডে যোগদান করিয়ে রাইডের নানান বিস্তারিত শেয়ার করতে পারবেন। আরোহীর বন্ধুরা নিজেদের পিকআপ লোকেশন দেওয়ার অপশন পাবেন। এই পরিষেবা চালু করার মূল উদ্দেশ্য হল, যেসমস্ত আরোহীরা নিজেদের বন্ধু, সহকর্মী বা পরিবারের লোকজনের সঙ্গে একই গন্তব্যে যাচ্ছেন, তারা যাতে আলাদা আলাদা যান পরিষেবা ব্যবহার না করে, একই ক্যাবে যাত্রা করতে পারেন। এর জেরে রাস্তায় যানজটও কমবে।

নতুন এই পরিষেবা সম্পর্কে উবের ইন্ডিয়ার ডিরেক্টর নীতিশ ভূষণ জানান, “আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু করার এবং ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং নির্বিঘ্ন করার উপায় খুঁজে থাকি। গ্রুপ রাইডের মাধ্যমে আমরা গ্রাহকদের নিজেদের পরিচিতদের সঙ্গে রাইড করার সময় আরও বেশি সঞ্চয় করার বিকল্প অফার নিয়ে এসেছি। আরোহীরা যে শুধুমাত্র অর্থ সঞ্চয় ও একসঙ্গে একই গন্তব্যে পৌঁছতে পারবেন, সেটাই না, তারা কম গাড়িতে বেশি জন যাত্রা করে রাস্তায় যানজট কমাতেও সহায়তা করবেন”।

বলে রাখা ভালো, এই গ্রুপ রাইডের মাধ্যমে কিন্তু কোনও ভাবেই চালকের রোজগারে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। তারা যতটা পথ গাড়ি চালাবেন, সেই হিসেবেই নিজেদের ভাড়া পাবেন তারা।

কীভাবে এই ‘গ্রুপ রাইড’ বুক করবেন?

  • প্রথমে নিজের উবের অ্যাপটি আপডেট করুন। তারপর অ্যাপ থেকে গ্রুপ রাইড আইকনে ক্লিক করুন।
  • গ্রুপ রাইডের জন্য রিকোয়েস্ট পাঠান ও অ্যাপে নিজের বুকিং সংক্রান্ত তথ্য ভালোভাবে দেখে নিন।
  • যাত্রা শেয়ার করার জন্য লিঙ্ক পাঠিয়ে নিজের বন্ধুদের আমন্ত্রণ জানান।
  • বন্ধুদের নিজের নিজের পিকআপ লোকেশন দিতে দিন।
  • চালকের জন্য অপেক্ষা করুন।
  • নিজের রাইড উপভোগ করুন।

RELATED Articles