প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হিসেবেই পরিচিত হাসিন জাহান। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার জন্য বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার আবারও এক নতুন ঘটনায় চর্চায় তিনি। অভিযোগ, প্রতিবেশী এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর করেছেন হাসিন জাহান। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম সিউড়ির সোনাতোড় এলাকা। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিওও।
জানা গিয়েছে, হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের নামে সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় একটি জমি রয়েছে। সেই জমি ঘিরেই দীর্ঘদিন ধরে বিবাদ চলছে প্রতিবেশী গুড্ডু বিবির সঙ্গে। পরিবার সূত্রে দাবি, প্রায় এক বছর আগে থেকে এই বিবাদ চলছিল। তখন থেকেই অভিযোগ ওঠে, জমি আত্মসাতের চেষ্টা করছেন গুড্ডু বিবি। সম্প্রতি জমি মাপজোকের কাজ শেষ হওয়ার পর শুক্রবার সেখানে নির্মাণ কাজ শুরু হতেই উত্তেজনার পারদ চড়ে।
ঠিক তখনই শুরু হয় বিবাদ। অভিযোগ, কথা কাটাকাটির পর প্রতিবেশী গুড্ডু বিবিকে মারধর শুরু করেন হাসিন জাহান। সেই সময়কার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, গুড্ডু বিবিকে চুলের মুঠি ধরে মারধর করছেন তিনি। গায়ে হাত তুলেছেন বারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার মাথায় আঘাত লেগেছে। তাঁকে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।
এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিন। তিনি বলেন, “আমার মনে হয়, হাসিন জাহানের মাথা খারাপ হয়ে গিয়েছে। না হলে এমন পাগলামি কেউ করে? মা, বাবা, বোন, শামি— সবার নামে এক এক করে কেস করেছে। প্রথম বিয়েটাও আমার বাড়ির নিচে হয়েছিল। ও একসময় আমার বাড়িতেই থাকত আশ্রয়ে।” তাঁর দাবি, হাসিন এখন পাড়ার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ Kolkata : লর্ডস মোড়ে ১২০ দোকান গুঁড়িয়ে উত্তাল কলকাতা, উচ্ছেদ ঘিরে বিক্ষোভ!
ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বারবার এরকম অশান্তি ঘটানোয় পাড়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই হাসিন জাহানের বিরুদ্ধে গণস্বাক্ষর করে ডেপুটেশন জমা দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রশাসন যেন এই বিষয়ে কড়া ব্যবস্থা নেয়। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত হাসিন জাহানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফেও তদন্ত শুরু হয়েছে বলে খবর।





