টিভি চ্যানেলের আলোচনা সভায় রাজনৈতিক নেতারা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন, এমন ঘটনা ঘটতেই থাকে। কিন্তু তা বলে টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন দুই রাজনৈতিক নেতা হাতাহাতিতে জড়াবেন, এমন ঘটনা বিরল। কিন্তু এমনই ঘটনা ঘটল পাকিস্তানের এক লাইভ টিভি অনুষ্ঠানে। সেই ভিডিও দেখে তাজ্জব বনে গেলেন নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল?
টিভি চ্যানেলের স্টুডিওতে বসেছিল রাজনৈতিক নেতাদের প্যানেল আলোচনা সভা। সেই সভাতেই দুই রাজনৈতিক নেতাকে ক্যামেরার সামনেই একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গেল। শুধু তাই-ই নয়, আচমকাই তারা মুষ্টিযুদ্ধে জড়িয়ে পড়েন। এমন ঘটনায় বেশ বিভ্রান্ত হয়ে পড়েন সম্প্রচারকারীরাও।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী বছর পাকিস্তানেও রয়েছে নির্বাচন। এর জেরেই সেদেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে। সেই আঁচই পড়ল পাকিস্তানের এক টিভি চ্যানেলে রাজনৈতিক বিতর্ক সভায়।
সেই বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন দলের সেনেটর আফনান উল্লাহ খান। আর তাঁর বিপরীতে ছিলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর নেতা শের আফজাল খান মারওয়াত। তাদের সৌজন্যেই শালীনতা, সৌজন্যের সীমা অতিক্রম করে রাজনৈতিক উত্তেজনার এমনই এক কুরুচিকর ছবি দেখল গোটা দুনিয়াই।
https://twitter.com/AnasMallick/status/1707409928170647803?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1707409928170647803%7Ctwgr%5E25c586ca68f0473dadd8de3537c6a932f4a9fe17%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fpakistan-leaders-slap-and-kick-each-other-on-a-live-tv-debate%2F
বিতর্ক করতে করতে শেষ পর্যন্ত যুক্তি না দিয়ে আফনান উল্লাহ খানের মাথায় চড়ই মেরে দেন ইমরানের দলের শের আফজাল খান মারওয়াত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। সেনেটরও তখন উঠে দাঁড়িয়ে মারওয়াতকে লাথি-ঘুষি মারতে থাকেন। সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতির।






