‘নিজেই অ্যারেস্ট হবে, আবার ও আবার অন্যকে অ্যারেস্ট করার কথা বলছে’, অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য দিলীপের

গতকাল, রবিবারই দিল্লি পৌঁছেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ। গিয়েছেন দলের সাংসদ, বিধায়করাও। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে ২ ও ৩ অক্টোবর আন্দোলন করবে ঘাসফুল শিবির দিল্লিতে। দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠে বলেছিলেন, “গিরিরাজ সিংকে গ্রেফতার করা উচিত”। এবার এই নিয়েই তাঁকে কটাক্ষ শানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে গ্রেফতার করার দাবী তুলে এদিন অভিষেক আরও বলেছিলেন যে আগে দেখা করতে গেলেও নাকি গিরিরাজ সিং দেখা করেন নি তাঁর সঙ্গে। তাঁর কথায়, “এবার আর শুধু দেখা করতে আসিনি। ডু অর ডাই মনোভাব নিয়ে আন্দোলন করতে এসেছি”।

কী বললেন দিলীপ ঘোষ?

অভিষেকের এহেন হুঁশিয়ারির পাল্টা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “দিল্লি পৌঁছলে তো ডু অর ডাই। তার আগেই তো দুর্ঘটনায় কত মানুষের মারা যাচ্ছেন। যাদের লোভ দেখিয়ে এসি বাসে নিয়ে গিয়েছেন তারা আগে দিল্লি পৌঁছন। এদিকে তো তাদের আগেই ধরনাকারি টিচাররা পৌঁছে যাচ্ছেন”।

তাঁর সংযোজন, “আসলে দিদি প্রধানমন্ত্রী হবে এটা তো কেউ খাচ্ছে না। তাই দিল্লিতে হাল্লাগোল্লা করে তৃণমূল লড়াইতে আছে এটাই বোঝাতে চাইছে”। বলে রাখি, যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই বাসের যাত্রীরা ছাড়া তৃণমূলের সকলেই দিল্লি পৌঁছে গিয়েছে।

দিলীপ ঘোষ নিজের মন্তব্যে ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল এই কর্মসূচি নিয়ে বিজেপির বিন্দুমাত্র মাথাব্যাথা নেই। তাঁর কথায়, “এসব ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ। পুলিশ দিয়ে কাউকে গ্রেফতার করতে পারেন। সাংবাদিকদের ছাড়ছেন না, বিরোধীদের ছাড়ছেন না। তার বেশি কিছু করতে পারবেন না। কারণ আপনাদের পিছনে কোন লোক নেই”।

এখানেই শেষ নয়। অভিষেককে দিলীপের আরও কটাক্ষ, “যাদেরকে টিকিট দিয়েছেন, যারা লুটপাট করে খাচ্ছে, তারাই দিল্লি যাচ্ছে। দিল্লিতে কয়েকটা গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী আর দু’‌একটা দুর্নীতিগ্রস্ত নেতা গিয়েছে। যেখানে গোটা বাংলার মানুষ দেখতে চাইছে অভিষেক নিজে কবে অ্যারেস্ট হবে। সেখানে ও আবার অন্যকে অ্যারেস্ট করার কথা বলছে”।

RELATED Articles