সম্প্রতি ফের বিতর্কে জড়ালেন বাম শিবিরের পরিচিত মুখ তন্ময় ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। দল থেকে সদ্য ফিরেই ফের একবার খবরের শিরোনামে তিনি। তবে এবার মুখ খুলে সাফাই দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে সরাসরি ‘প্রতারক’ বলে কটাক্ষ করলেন এই সিপিএম নেতা।
তন্ময়ের দাবি, ‘‘যে ব্যক্তি আমার এইসব ছবি ও চ্যাট ছড়িয়েছে, সে এক প্রতিষ্ঠিত প্রতারক। নাম অনিন্দ্য চৌধুরী। এর আগেও দু’বার পুলিশ ওকে গ্রেফতার করেছে। বাঁশদ্রোণী থানার পুলিশ একবার ওকে বেলঘড়িয়া থেকে ধরে এনেছিল আর্থিক প্রতারণার অভিযোগে। পরে নিমতা থানাতেও ওর বিরুদ্ধে অভিযোগ ওঠে।’’ এক কথায়, গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রাক্তন বিধায়ক।
তন্ময় ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, অনিন্দ্য নিজেকে উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করে থাকেন। কিন্তু বিধান বিশ্বাস স্বয়ং সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই অনিন্দ্য একজন “প্রতিষ্ঠিত চিটিংবাজ”। বহু মানুষকে প্রতারণা করেছে সে। এমনকী বাম নেতার বক্তব্য, ‘‘এই অনিন্দ্য কেন আমার পিছনে লেগেছে, তা আমার জানা নেই। হতে পারে, ভাবছে আমাকে নিশানা করলে বাম দলকে কালিমালিপ্ত করা যাবে।’’
উল্লেখ্য, কিছুদিন আগেই সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তন্ময় ভট্টাচার্য সিপিএম-এ ফেরেন। এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে ছ’মাসের জন্য তাঁকে সাসপেন্ড করেছিল দল। সেই বিতর্কের রেশ কাটার আগেই ফের নতুন বিতর্ক ঘিরে তন্ময় শিরোনামে। এই পরপর বিতর্ক কি দলীয় ভাবমূর্তিতে প্রভাব ফেলবে? উঠছে সেই প্রশ্নও।
আরও পড়ুনঃ Pahalgam Terror Attack: TRF-কে সন্ত্রাসী ঘোষণা করে আমেরিকার স্বীকৃতি, পাকিস্তানের মুখোশ খুলল! পহেলগাঁও কাণ্ডে ভারতের কড়া অবস্থান সফল!
এই সমস্ত কিছুরই জবাব দিতে গিয়ে এবার আইনি পদক্ষেপে নামলেন প্রাক্তন বিধায়ক। তিনি জানিয়ে দিয়েছেন, অনিন্দ্যর বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি ও বার্তা ভাইরাল করা, মিথ্যা অভিযোগ ছড়ানো—সবকিছুর বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। এখন দেখার, এই দ্বন্দ্ব কোনদিকে গড়ায়। তবে আপাতত তন্ময় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “পুরোটাই ফেক, বানানো, আর অনিন্দ্য একজন প্রতারক!”





