ডিজিটাল পেমেন্ট এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটখাটো বাজার থেকে শুরু করে বড়সড় কেনাকাটা সব ক্ষেত্রেই মানুষ আজ নির্ভরশীল ইউপিআই-এর (UPI) উপর। তবে এই লেনদেনের ক্ষেত্রেই এবার আসতে চলেছে বড় পরিবর্তন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম, যা সরাসরি প্রভাব ফেলবে গুগল পে (Google Pay), ফোনপে (PhonePe) এবং পেটিএম (Paytm) ব্যবহারকারীদের উপর।
আগে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের সীমা থাকত। কিন্তু নতুন নিয়মে সেই সীমা বাড়ানো হয়েছে বহুগুণ। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত এখন ইউপিআই লেনদেন করা যাবে। এর ফলে একদিকে যেমন বড়সড় কেনাকাটা বা বিনিয়োগ সহজ হবে, অন্যদিকে ব্যবসা ক্ষেত্রেও আসবে স্বচ্ছলতা। অর্থাৎ, ব্যক্তিগত থেকে শুরু করে কর্পোরেট, সবার জন্যই ডিজিটাল পেমেন্ট আরও সুবিধাজনক হতে চলেছে।
বিমা ও পুঁজি বাজারে আগে যেখানে সর্বোচ্চ সীমা ছিল ২ লক্ষ টাকা, সেখানে এখন তা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ টাকা। আবার ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্ষেত্রেও একবারে ৫ লক্ষ টাকা এবং দিনে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা মেটানো যাবে। ভ্রমণ খাতে খরচের ক্ষেত্রেও একই নিয়ম এক লেনদেনে ৫ লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করা সম্ভব। ফলে বিমা, বিনিয়োগ কিংবা ভ্রমণের মতো খাতগুলোতে আর বারবার ট্রানজাকশন করতে হবে না।
যাঁরা ঋণ বা ইএমআই পরিশোধ করেন, তাঁদের জন্যও সুখবর। নতুন নিয়মে এক লেনদেনে ৫ লক্ষ টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পরিশোধ করা যাবে। গহনা কেনার সীমাও দ্বিগুণ করা হয়েছে আগে যেখানে এক লেনদেনে ১ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা সম্ভব ছিল, এখন তা বেড়ে দাঁড়াল ২ লক্ষ টাকা। এমনকি ফিক্সড ডিপোজিটও এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেনের মাধ্যমে করা যাবে। তবে আইপিও আবেদনের ক্ষেত্রে সীমা অপরিবর্তিত রাখা হয়েছে ৫ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ Astrology: বৃহস্পতির বক্রী চলন! ৩ রাশির ঘরে আসছে ধন, সম্মান আর সুখের বন্যা
সরকারি ই-মার্কেটপ্লেস ট্যাক্স কিংবা ইএমডি পেমেন্টের ক্ষেত্রেও সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা। পাশাপাশি বিদেশি মুদ্রা সংক্রান্ত পেমেন্টও ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এখন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে। বিশেষ বিষয় হল, এই অতিরিক্ত সুবিধার জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এনপিসিআই জানিয়েছে, এই পদক্ষেপ ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত ও সুবিধাজনক করে তুলবে, যা দেশের আর্থিক খাতকে নতুন মাত্রা দেবে।





