জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা এ কথা জানিয়ে বলেছেন শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছেন তিনি। এবার শুধু মন্ত্রীসভার অনুমোদন মেলার অপেক্ষা। জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, ‘অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনই বোরখা পরতেন না। এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে দেখা যাচ্ছে। আমরা নিশ্চিতভাবে এটা নিষিদ্ধ করতে চলেছি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে সাময়িকভাবে শ্রীলঙ্কায় বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল। চার্চ ও হোটেলে বিস্ফোরণ ঘটেছিল সে বছর। ইসলামিক জঙ্গিদের হামলায় আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও অন্তত ৫০০ জন। সন্ত্রাসবাদী সংগঠন IS এই হামলার দায় স্বীকার করেছিল বলে জানা গিয়েছিল।
তবে শুধু বোরখার ওপরই নিষেধাজ্ঞা নয়, সেই সঙ্গে হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। মন্ত্রী বীরাসেকেরা আরও জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতি লঙ্ঘন করছে ওই প্রতিষ্ঠানগুলো। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।





