করোনা বর্তমানে বিশ্বের সবথেকে বড় শত্রু। আর এই ভাইরাসের উৎপত্তি হিসেবে বারবার উঠে এসেছে চীনের উহানের ল্যাবের কথা। বিভিন্ন সময়ে দাবি জোড়ালো হয়েছে যে ওই ল্যাব থেকেই ছড়িয়েছে কোভিড-১৯। তবে এবার এই জল্পনাকে নস্যাৎ করে দিল খোদ মার্কিন গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাঁরা জানিয়ে দিল, মানুষের তৈরি নয় এই ভাইরাস। বা জিনগতও নয় এই ভাইরাস।
এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, “দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মত ভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে কোভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে কোনও পরিবর্তন ঘটানো হয়নি।”
গোটা বিশ্বে সংক্রমণ ছড়ানোর পরই চীনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য চীনকে ক্ষতিপূরণও দিতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। সোমবার ট্রাম্প বলেছিলেন, বেজিং ভাইরাসটি নিয়ে তথ্য গোপন করেছে। যার জেরে গোটা বিশ্বে ৩২ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৭ হাজার মানুষের। এবং এর জন্য সম্পূর্ণ দায়ী চীন।
করোনা সংক্রমণ ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি। গত ৮ই এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কিন্তু সেই দাবির পোক্ত কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।
তার পরই বৃহস্পতিবার আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত দিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনও পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করে যাবেন বলে তাঁরা জানিয়েছেন।





