খিদের জ্বালা সহ্য করতে না পেরে চুরি করলে তা আর অপরাধ বলে গণ্য হবেনা, ঐতিহাসিক রায় দিল ইতালির সর্বোচ্চ আদালত!

করোনার ধাক্কায় টালমাটাল ইতালি। এই ভাইরাসে সংক্রমিত দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে শতাব্দি প্রাচীন এই দেশ। চীনের পর ইউরোপের এই দেশেই অতিমারীর আকারে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। এখন‌ পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ঠিক হলেও সংক্রমণকে নিয়ন্ত্রণে এখন‌ও আনা যায়নি। ইতালিতে করোনা সংক্রমণের শিকার ২ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। আর করোনা সংক্রমনে বিধ্বস্ত এই দেশেই এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইতালির সর্বোচ্চ আদালত।

খিদের জ্বালা সহ্য কারতে না পেরে কোনও ব্যক্তি যদি সামান্য খাবার চুরি করে থাকেন তবে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এমনই রায় দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত। রোমান অস্ট্রিকোভ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৪.০৭ ইউরো মূল্যের চিজ ও সসেজ চুরির অভিযোগ উঠেছিল। ইউক্রেন থেকে আসা উদ্বাস্তু ওই ব্যক্তি সামান্য খাবারটুকু নিয়েছিলেন একেবারে নিতান্তই খিদের জ্বালায়। ফলে এই ঘটনা আদৌ অপরাধ নয় বলেই জানিয়েছে শীর্ষ আদালত। এই অপরাধের জন্য বিনা শাস্তিতেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতিরা।

ইউক্রেনের বাসিন্দা রোমান অস্ট্রিকোভ আদতে ভবঘুরে। জেনোয়া শহরে রাস্তাতেই বাস ওই প্রৌঢ়ের। ২০১১ সালে ওই ব্যক্তি জেনোয়া সুপার মার্কেট থেকে দু’খানি চিজ’ এবং এক প্যাকেট সসেজ পকেটে ঢুকিয়ে শুধুমাত্র পাউরুটির দাম মিটিয়েছিলেন। তখন সেখানে উপস্থিত কয়েকজন ক্রেতা স্টোরের নিরাপত্তা রক্ষীকে সে কথা জানিয়েছিলেন। এরপর ২০১৫ সালে তাঁকে অপরাধী গণ্য করে আদালত। সেই সঙ্গে ছয় মাসের জেল এবং ১০০ ইউরো জরিমানা করে। বিষয়টি নিয়ে সেই সময় ইতালির সংবাদমাধ্যমে তোলপাড় হয়। পরবর্তীতে ওই ব্যক্তির অর্থনৈতিক অবস্থার কথাা মাথায় রেখে পূর্ববর্তী রায় বাতিল করে বলা হয়, মনে রাখতে হবে সভ্য দেশে যেন কোনও মানুষই অভুক্ত না থাকেন।

ইউরোপের এই দেশে মাত্র ৫ ইউরোর কম মূল্যের একটা পণ্য নিয়ে তিন দফায় আদালতে সওয়াল চলার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে। এর পরেই ঐতিহাসিক রায় দিল ইতালির সর্বোচ্চ আদালত। সু্প্রিম কোর্ট জানিয়ে দিল, খিদে মেটাতে সামান্য খাবার চুরি কোনও ভাবেই একটা অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।

RELATED Articles

Leave a Comment