‘রাশিয়ার হামলার ধার ও আগ্রাসন গতি কমেছে’, দাবী ইউক্রেনের, সেদেশের আকাশ সম্পূর্ণ দখল করে নেওয়ার পাল্টা দাবী রাশিয়ার

ইউক্রেন রাশিয়ার সংঘর্ষের পঞ্চম দিনে দুই পরস্পর বিরোধী দাবী করল দুই দেশ। একদিকে ইউক্রেনের দাবী, রাশিয়ার সেনার হামলার ধার ও আগ্রাসন গতি কমেছে। আবার অন্যদিকে, ইউক্রেনের আকাশ সম্পূর্ণ দখল করে নেওয়ার দাবী তুলল রাশিয়া। তবে সাধারণ নাগরিকদের রাশিয়া অভয় দিয়ে জানাচ্ছে যে যারা কিয়েভ ছেড়ে চলে যেতে চান, তারা কোনও ভয় ছাড়াই শহর ছাড়তে পারেন।

বলে রাখি, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই দাবী করে যে সেদেশের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে তারা। যদিও এরপরও  রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করতে থাকে ইউক্রেন। এদিকে আজকেই বেলারুশ সীমান্তে ইউক্রেন-রাশিয়ার আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রতিনিধিদের দেখা করার কথা আজ।

এর আগে ইউক্রেন দাবী করেছিল যে রাশিয়ার প্রায় ৪৩০০ সেনাকর্মীর মৃত্যু হয়েছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া আরও দাবী করেন যে রাশিয়ার ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি যুদ্ধবিমান ও ২৬টি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আবার রাশিয়ার তরফে দাবী করা হয়, এই সংঘর্ষে ইউক্রেনের ৪৭১ জন সেনাকর্মীকে তারা বন্দি করেছে। তাছাড়া ৯৭৫টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ সেনা, এও দাবী করা হয়।

এর পাশাপাশি ইউক্রেনের আটটি যুদ্ধবিমান, সাতটি হেলিকপ্টার ও ১১টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলেও দাবী রাশিয়ার। এছাড়াও তাদের দাবী, ২২৩টি ট্যাঙ্ক, ও অন্যান্য যুদ্ধ যান-সহ আরও ২৮টি বিমান ধ্বংস করা হয়েছে। রাশিয়া স্বীকার করেছে যে তাদের সেনার মৃত্যু হয়েছে তবে সেই নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

RELATED Articles