উহানে ফের হানা দিচ্ছে করোনা, ১ কোটি মানুষের কোভিড পরীক্ষা হবে

তীরে এসে তরী ডুবল চীনে। করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহান শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। এপ্রিল মাসের ৮ তারিখ উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয় সরকার। ধীরে ধীরে খুলতে শুরু করে স্কুল-কলেজ। 

কিন্তু এবার ফের ওই শহরে হানা দিয়েছে করোনা।  ‘করোনা ক্লাস্টার’ এর সন্ধান মিলেছে উহানে। তাই দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনে। 

মঙ্গলবার চীন সরকার পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে, উহান শহরের ১ কোটি ১০ লক্ষ বাসিন্দারই নিউক্লেইক অ্যাসিড টেস্ট করার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে কারও শরীরের ডিএনএ বা আরএনএ-তে কোভিড-১৯ ভাইরাস আছে কি না, তা খুঁজে দেখা হবে। ইতিমধ্যে বেজিংয়ের তরফে একটি নোটিস জারি করে উহান প্রশাসনকে এই মর্মে পরিকল্পনা করে রাখতে বলা হয়েছে। এর জন্য ১০ দিন সময় নির্ধারিত করা হয়েছে। তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখনও জানানো হয়নি। 

গত সোমবার ইউহান শহরের ডংজিহু জেলার একটি আবাসনে পাঁচ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এপ্রিলের ২৮ তারিখের পর এই প্রথম একদিনে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, উহানে কয়েক হাজার উপসর্গহীন করোনা আক্রান্ত রয়েছে। তবে তাঁদের আক্রান্তের তালিকায় রাখছে না চীন। এর ফলে আক্রান্তের মোট সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সোমবার পর্যন্ত চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮। মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩। 

RELATED Articles

Leave a Comment