পার্ক সার্কাসে পাইপলাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মাটি ধসে গিয়ে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

পার্ক সার্কাসে চলছিল পাইপলাইনের কাজ। সেই কাজ করতে গিয়েই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে, পাইপলাইনে কাজের সময় বালি তুলছিলেন এক শ্রমিক। সে সময় মাটি ধসে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে খবর, পুরসভার পাইপলাইনের কাজ চলছিল। সেখানে বালি তুলছিলেন ওই যুবক শ্রমিক। হঠাৎই ধস নামে মাটিতে। আর তাতেই চাপা পড়ে যান ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।

পুলিশ সূত্রে খবর, ওই শ্রমিকের নাম সলমন মল্লিক, বয়স ২২ বছর। উত্তর ২৪ পরগণার সন্দেশখালির বাসিন্দা। ডন বস্কো স্কুল সার্কেলের সামনে তিন মাথার মোড়ে গত কয়েকদিন ধরেই পাইপলাইনের কাজ চলছে। সেই কারণে রাস্তাও খোঁড়াখুঁড়ি হয়েছে। প্রতিদিনের মতো গতকাল, বুধবারও কাজ করতে আসেন শ্রমিকরা। কিন্তু রাতের দিকে ঘটে যায় বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, দশ থেকে বারো ফুট গভীরে চাপা পড়ে গিয়েছিলেন শ্রমিক। রাতের অন্ধকারে এই দুর্ঘটনা ঘটায় ওই শ্রমিককে উদ্ধার করতে অনেক দেরি হয়ে যায়। এরপর ওই শ্রমিককে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার জেরে বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ওই পাইপলাইনে কর্মরত অন্য এক শ্রমিক জানান, সলমন প্রায় ১৭ থেকে ১৮ মিনিট চাপা পড়েছিল। তারপর জেসিবি দিয়ে তোলা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

RELATED Articles