করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই সময় মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করতে এগিয়ে এলেন সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র। কিন্তু তিনি নাকি সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছেন না এমনই অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
এই অভিযোগের বিরুদ্ধে তিনি পাল্টা জবাব দেন, ‘তিনি নিয়ম মেনেই চাল, ডাল বিলি করছেন। আজ মঙ্গলবারও তিনি ত্রাণ বিলি করবেন। পুলিশ যদি পারে তাহলে গ্রেফতার করুক। ভালই হবে, বাড়ির খাবার বেঁচে যাবে।’
বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র আরও অভিযোগ জানান, বিধাননগর নর্থ থানার আইসি তাকে ফোন করে গ্রেফতার করার কথা বলেন, এমনকি তার সঙ্গে থাকা দত্তাবাদের ছেলেদের বাড়িতে গিয়েও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনার-এর পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া আসেনি। এদিন সকালেই প্রাক্তন মেয়র-এর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ।
তার কিছুক্ষণ পরেই সব্যসাচী দত্তের বাড়িতে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর তারা একসাথে ত্রাণ বিলি করতে বের হন। এবং পুলিশের প্রতি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের ত্রাণ বিলি চলবে।’ এর আগে সব্যসাচী দত্ত বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে অনুরোধ করছেন তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে বাংলার মানুষের জন্য চেষ্টা করছে।’
করোনাভাইরাসের জেরে লকডাউন শুরু হতেই রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, ‘প্রশাসনের মতে বিজেপি যদি ত্রাণ বিলি করে তবে সংক্রমণ ছড়াবে? আর তৃণমূল করলে ছড়াবে না! এটা কেমন রাজনীতি। প্রয়োজন হলে আমরা সবার বাড়ি গিয়ে ত্রাণ বিলি করে আসব।’





