West Bengal politics : “আমরা কি দাস নাকি?”— নজরুলমঞ্চে বিস্ফোরণ BLO-দের, স্কুল-কমিশন দ্বন্দ্বে উত্তাল প্রশিক্ষণ সভা!

রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) শুরুর আগে শনিবার নজরুলমঞ্চে ছিল ব্লক লেভেল অফিসার (BLO)-দের চূড়ান্ত প্রশিক্ষণ। সকাল থেকেই কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা, যারা BLO হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু প্রশিক্ষণের মঞ্চেই হঠাৎ শুরু হয় ক্ষোভের ঝড়। একের পর এক BLO প্রশ্ন তুললেন—“আমরা কাজ করছি, তবু স্কুলের খাতায় গরহাজির দেখানো হচ্ছে কেন?”

একজন শিক্ষিকা বলেন, “আমাদের জানানো হয়েছে যদি অন ডিউটি কাগজ না দেখাই, তাহলে যত কাজই করি না কেন, আমায় অনুপস্থিত দেখানো হবে। আমার সিএল শেষ। এখন এইসব কাজ মেডিক্যাল নিয়ে করব কেন?” আরও এক BLO শিক্ষিকা ক্ষোভে বলেন, “আমাদের তো সকালবেলার স্কুল। পড়ানো শেষ করে BLO-র কাজ করতে হচ্ছে। মানে সারাদিনই কাজ!”

প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সব তথ্য BLO-দের হাতে তুলে দেওয়া। সকাল দশটা থেকেই কমিশনের তত্ত্বাবধানে শুরু হয় ট্রেনিং। কিন্তু প্রশিক্ষণের মধ্যেই BLO-দের একাংশের প্রতিবাদে অনুষ্ঠান কার্যত থমকে যায়। প্রশ্ন ওঠে—“আমাদের অন ডিউটি কাগজ না দিলে স্কুল অথরিটি কেন দায়িত্ব নেবে?” কমিশন এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দেয়নি, ফলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সভায়।

এর আগে, ‘ভোট কর্মী ঐক্য মঞ্চ’-এর পক্ষ থেকে কমিশনকে BLO-দের নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত CEO দফতর থেকে কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি বলে অভিযোগ। একাধিক BLO জানান, তাঁরা ভোটের কাজের সময় সুরক্ষা ও প্রশাসনিক সহায়তা চান, কারণ “মাঠের কাজ করতে গিয়ে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়।”

আজকের ট্রেনিং শেষে কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উপস্থিত BLO-দের অভিযোগ, তাঁদের সমস্যার কোনও সমাধান হয়নি, বরং দিনভর ট্রেনিং “ভেস্ট” গিয়েছে। অনেকেই বলেন, “আমরা দায়িত্ব পালন করতে রাজি, কিন্তু নিজের কাজের জায়গায় গরহাজির ট্যাগ মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ West Bengal Politics: কমিশনের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে তৃণমূল! এসআইআর শুরুর দিনেই মমতা–অভিষেকের মিছিল ঘিরে তপ্ত রাজনীতি!

রাজ্যে SIR শুরু হওয়ার আগেই BLO-দের এই ক্ষোভ এবং বিশৃঙ্খলা ভোটের প্রস্তুতি ঘিরে নতুন প্রশ্ন তুলছে— মাঠে যারা কাজ করবেন, তাঁদেরই যদি সঠিক মর্যাদা না মেলে, তবে ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা নির্ভুলভাবে সম্পন্ন হবে, তা নিয়েও উঠছে সন্দেহ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles