‘সরকারের ভূমিকা যদি ঠিক থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব’, টেট নিয়ে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এর আগে এজলাসে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এবার তাঁর মুখেই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। তিনি বললেন, “সরকারের ভূমিকা যদি ঠিক থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব”।

আজ, বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলার শুনানি ছিল। এই শুনানির মধ্যেই পর্ষদ ও মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, “শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। আবার সরকারের যদি ভূমিকা সঠিক থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব”।

পাশাপাশি বিচারপতি আরও বলেন, “আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পেছনে অন্য কোনও কারণ নেই”।

এর আগেও পর্ষদের কাজের প্রশংসা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার ২০২২ সালের টেট পরীক্ষার গোটা প্রক্রিয়া নিয়ে একটি মামলা চলাকালীন বিচারপতি বলেছিলেন, “টেট হওয়ার পর কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভালো হচ্ছে”। আর আজ ফের একবার পর্ষদের প্রশংসা করলেন তিনি।

বলে রাখি, গত পাঁচ বছর পর এই বছর রাজ্যে টেট পরীক্ষা হল। এর মাঝে টেট নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক কাণ্ড হয়ে গিয়েছে। এই মামলা এখনও আদালতে বিচারাধীন। টেট নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নতুন সভাপতি হন গৌতম পাল। সভাপতি হওয়ার পরই তিনি জানান যে প্রতি বছর টেট হবে ও স্বচ্ছতার সঙ্গে হবে।

দায়িত্ব পাওয়ার পর পরই ১১ ডিসেম্বর টেট হবে বলে ঘোষণা করেছিল পর্ষদ। সুষ্ঠুভাবে যাতে টেট হয়, এটাই তাঁর কাছে ছিল চ্যালেঞ্জ। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয় টেটের জন্য। বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয় যাচাই, হাতে ধরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারির মতো একগুচ্ছ পদক্ষেপ নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কন্ট্রোল রুমও চালু করা হয়। উত্তরপত্রের কপি দেওয়া হয়েছে।

RELATED Articles