যুব তৃণমূল নেতার কনভয়ের ধাক্কা ট্রাফিক সার্জেন্টের গাড়িতে, প্রতিবাদ করায় হেনস্থার মুখে ট্রাফিক সার্জেন্ট

যুব তৃণমূল নেতার কনভয়ের একটি গাড়ি এসে সোজা ধাক্কা মারে একটি ট্রাফিক সার্জেন্টের গাড়িতে। এই ঘটনার প্রতিবাদ করায় চরম হেনস্থার মুখে পড়তে হয় ওই ট্রাফিক সার্জেন্টকে। অভিযোগ, তৃণমূল নেতার ওই কনভয় থেকে জলপাই রঙের উর্দিধারীরা নেমে চরম হেনস্থা করেন ওই ট্রাফিক সার্জেন্টকে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর তিনটে নাগাদ। কাজ শেষে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক গার্ড সার্জেন্ট সোমনাথ ঘোষ। ওই সময়ই ডায়মন্ড হারবার রোডের ট্রাম ডিপোর কাছে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি। সোমনাথের দাবী, তিনি এই ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় কনভয়ের বিভিন্ন গাড়ি থেকে উর্দিধারীরা নেমে এসে তাঁর উপর চড়াও হয়। বলা হয় সেটি তৃণমূল যুব নেতা জাহাঙ্গীর খানের কনভয়। এরপরই বচসা শুরু হয় তাঁদের মধ্যে। ট্রাফিক সার্জেন্ট প্রতিবাদ করায় তাকে ধাক্কা দেওয়া হয়, এমনকি, তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ট্রাফিক সার্জেন্ট সোমনাথ ঘোষ। এরপরই উর্দিধারীরা আবার কনভয়ে উঠে সেখান থেকে চলে। এই ঘটনার জেরে ভিড় জমে যায় এলাকায়, ফলে বেশ কিছুক্ষণ যানজটেরও সৃষ্টি হয়।

পারিপার্শ্বিক লোকজনদের থেকে পাওয়া খবরে দু-তিনটি কনভয়ের গাড়ি ছিল। তার মধ্যেই একটি এসে ধাক্কা দেয় ট্রাফিক সার্জেন্টের গাড়িতে। তিনি প্রতিবাদ করলে তাকে চরম অপমান ও ধাক্কাধাক্কি করেন উর্দিধারীরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ ২৪ পরগণার ফলতা ব্লকের যুব তৃণমূল সভাপতি জাহাঙ্গীর খান। তিনি পাল্টা ওই সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তিনি জানান, ওই সময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার কনভয়ের গাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কোনও এক ব্যক্তির কিছু গণ্ডগোল হয়েছে বলে তিনি শোনেন। যুব তৃণমূল নেতার অভিযোগ ওই ব্যক্তিও তার নিরাপত্তারক্ষীদের গায়ে হাত দিয়েছে। এরপর নিরাপত্তারক্ষীরা ঝামেলা মিটমাট করে বেড়িয়ে আসেন।

RELATED Articles