অবশেষে ইউজিসির (UGC) চাপের মুখে মাথা নত করল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল সেমেস্টারের (Final Semester) পরীক্ষার জন্য পরীক্ষা পিছু আড়াই ঘণ্টা করে সময় ধার্য করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৫২টি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা ২৪ ঘন্টা সময় পাবেন একটি পরীক্ষার জন্য। কিন্তু এর পরেই ইউজিসি জানিয়ে দেয় যে এতক্ষণ ধরে সময় দেওয়া যাবেনা পরীক্ষার্থীদের। তার জেরেই ফের বৈঠকে বসেন কর্তৃপক্ষ এবং তারপরেই এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। পাস কোর্স এবং অনার্স দুই ক্ষেত্রেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টায়। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোডের জন্য দেওয়া হবে আধঘন্টা। অর্থাৎ পরীক্ষা পিছু মোট আড়াই ঘন্টা সময় পাবেন পরীক্ষার্থীরা।
যদিও বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশের রীতিমতো ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। ইতিমধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাও করেছে।






