এসএসকেএম হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সুবিচার পাইনি, দাবী অভিযোগকারী মহিলা চিকিৎসকের

২০২০ সালের ডিসেম্বর মাসেই এসএসকেএম হাসপাতালের সিসিইউর এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন সহকর্মী মহিলা চিকিৎসক। এই নিয়ে চলতি বছরের জানুয়ারিতে একটি লিখিত অভিযোগও জমা দেন তিনি। কিন্তু ঘটনার ছ’মাস কেটে গেলেও এখনও সুবিচার পাননি বলে অভিযোগ ওই মহিলা চিকিৎসকের।

অভিযোগ, ওই মহিলা চিকিৎসককে বারবার ডেকে পাঠিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হত। এমনকি, স্বাস্থ্যভবনে এই ঘটনার অন্তর্বর্তী রিপোর্ট জমা পড়ে বলেও জানা যায়।

কিন্তু অভিযোগ, সেই রিপোর্টকেও প্রভাব খাটিয়ে চেপে দেওয়া হয়েছে। এই অভিযোগের পর ৩ সদস্যের একটি কমিটিও গঠন হয়। কিন্তু সেই কমিটি কতটা এগিয়েছে বা তারা কতটা কাজ করেছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। গোটা এ ঘটনায় স্বাস্থ্যভবনের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

অভিযোগকারী মহিলা চিকিৎসকের দাবী, ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁকে হায়দ্রাবাদের একটি হোটেলে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। হোটেলের ঘরেই তাঁকে মধ্য রাত পর্যন্ত আটকে রাখা হয় বলেও অভিযোগ আনেন তিনি। সেই সময় তাঁকে জাপটে ধরার চেষ্টা করা হয়েছিল।

কিন্তু কলকাতাতে এসেও এই সমস্ত কাজকর্ম বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ওই মহিলা চিকিৎসক। এমনকি, হোয়াটসঅ্যাপেও তাঁকে নানানভাবে বিরক্ত করা হত বলে অভিযোগ করেন তিনি। এত কিছুর পরও কেন ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না, এ নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে।

আরও অন্যান্য খবর