ভোটের মরসুম আসতেই বাংলায় যেন আবারও উত্তাপ বাড়ছে। নির্বাচনকে ঘিরে স্বাভাবিক কর্মযজ্ঞের মধ্যেই এবার আলাদাভাবে চোখে পড়ছে কমিশনের কড়া তৎপরতা। ভোটার তালিকার বিশেষ পরিমার্জন প্রক্রিয়া চলাকালীন নানা জটিলতা, অভিযোগ আর বিতর্কে রাজ্যে যেন প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে। ফলে ভবিষ্যৎ দিনগুলিতে আরোও কী ঘটতে চলেছে, সেই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল—সবারই মনে।
SIR প্রক্রিয়ার সময়ই কমিশনের নজর বাংলায় একটু বেশি আটকে আছে—এটা রাজনৈতিক মহল মানছে খোলাখুলিভাবে। ভোটার মৃত্যু থেকে শুরু করে বিএলও–র রহস্যজনক মৃত্যুও আলোচনার কেন্দ্রে। যদিও পরিসংখ্যান বলছে, বিএলও মৃত্যুর নিরিখে মধ্যপ্রদেশ শীর্ষে রয়েছে। তবুও বাংলাকে ঘিরেই যে চাপানউতোর অনেক বেশি, সেই কথাই বারবার উঠে আসছে রাজনৈতিক আঙ্গিনায়।
এর মধ্যেই কমিশন আবারও নড়েচড়ে বসে বাড়িয়েছে বিশেষ পর্যবেক্ষকের সংখ্যা। আগের ১২ জনের উপর ভরসা না করে আরও পাঁচজন পর্যবেক্ষককে পাঠানো হচ্ছে শুধু বাংলার জন্য। অর্থাৎ মোট ১৭ জন পর্যবেক্ষক এখন SIR–এর কাজে যুক্ত থাকবেন রাজ্যে। এই পুরো দলের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। রাজনৈতিক মহলের দাবি—এত পর্যবেক্ষক অন্য কোনও রাজ্যে নেই, তাই তা ঘিরে স্বভাবতই নতুন বিতর্ক তৈরি হয়েছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ তুলেছেন, বাংলাকে টার্গেট করতেই এই বাড়তি তৎপরতা। তাঁর কথায়, “যত লোক আছে সবাই পাঠাক। উদ্দেশ্য একটাই—ভোটার বাদ দেওয়া আর বাংলার মানুষকে হেনস্থা করা।” অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কমিশন এখনও পরিস্থিতি কড়া হাতে সামলাচ্ছে এবং “সব বদ রক্ত বেরিয়ে যাবে।” ফলে দুই শিবিরের আক্রমণ–প্রতিআক্রমণে আরও ঘনীভূত হয়েছে রহস্য।
আরও পড়ুনঃ Partha Chatterjee : হঠাৎ হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়!স্নানঘরের ছোট দুর্ঘটনা কি বড় সমস্যার ইঙ্গিত? কি বলছেন ডাক্তাররা?
এদিকে পাঁচ বিশেষ পর্যবেক্ষক কারা, তা নিয়েও কৌতূহল ছিল যথেষ্ট। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্সি ডিভিশনে দায়িত্ব পেয়েছেন রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশনে নীরজ কুমার বানসোড, বর্ধমান ডিভিশনে কৃষ্ণ কুমার নিরালা, মালদহে অলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশনে দায়িত্বে থাকছেন পঙ্কজ যাদব। মঙ্গলবার বা বুধবারের মধ্যেই তাঁরা রাজ্যে পৌঁছে যাবেন। আর তাঁদের আগমনের সঙ্গে সঙ্গেই SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।





