মুর্শিদাবাদের বেলডাঙা শহরটি হঠাৎই এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে। আগামী ৬ ডিসেম্বর এখানে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে উত্তেজনা চরমে। এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা। একদিকে স্থানীয় মানুষের মধ্যে বিভাজন, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। এর মাঝেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে ফের চ্যালেঞ্জের সুর— “এই বেলডাঙাতেই মসজিদ হবেই, আমাকে কেউ আটকাতে পারবে না।”
ঘটনার সূত্রপাত হয় যখন হুমায়ুন কবীর ঘোষণা করেন যে ৬ ডিসেম্বর বেলডাঙায় ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ২০২৪ সালে তিনি প্রথম এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালেই অচিন্তনীয় এক মোড় নেয় পরিস্থিতি। যে জমিতে মসজিদ তৈরির কথা বলা হয়েছিল, সেটি হঠাৎ ঘিরে দেন জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী। তাঁর দাবি, “এই জমি কেউ আমার কাছ থেকে কেনেনি। যিনি এমন দাবি করছেন, তিনি মিথ্যে বলছেন।”
নিজামুদ্দিনের এই পদক্ষেপেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এই জমি নিয়েই শুরু হয় রাজনৈতিক ও সামাজিক সংঘাত। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত মানুষের ধর্মীয় আবেগকে উত্তেজিত করতে পারে। তবে অন্য পক্ষের যুক্তি, “যেখানে ৭২ শতাংশ মানুষ মুসলমান, সেখানে মসজিদ নির্মাণে বাধা কেন?”
সব বিতর্কের মধ্যেই বিধায়ক হুমায়ুন কবীর শুক্রবার ফের হুঙ্কার ছাড়েন। তাঁর ভাষায়, “আমি ২০২৪ সালে এই মসজিদের ঘোষণা করেছি। কালকে কেন শান্তি-শৃঙ্খলার কথা উঠছে? হোক লড়াই, যেমন লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছিল, তেমনই লড়াই হোক মুর্শিদাবাদে।” তিনি আরও বলেন, “আমার নাম হুমায়ুন, বাবরের পুত্রের নামও হুমায়ুন। তাই আমি বাবরি মসজিদ করবই। বাধা দিলে লড়াই হবে, আক্রমণ হলে পাল্টা আক্রমণও হবে। আমি-সহ ১০০ জন শহীদ হলেও হব, কিন্তু ৫০০ জনকে শহীদ করব!’”
আরও পড়ুনঃ January 2026 Lucky Zodiac Signs: জানুয়ারিতে বিরল পঞ্চগ্রহী যোগ, নতুন বছরের শুরুতেই ভাগ্য খুলবে তিন রাশির
এখন প্রশ্ন একটাই— ৬ ডিসেম্বরের শিলান্যাস আদৌ হবে কি না? জেলা প্রশাসন আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে। বেলডাঙা জুড়ে মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। অন্যদিকে, স্থানীয় মানুষ এখন শান্তির প্রত্যাশায়। তবে বিধায়ক হুমায়ুন কবীরের এই বক্তব্যে রাজনৈতিক মহলে যে নতুন বিতর্কের জন্ম হয়েছে, তা বলাই বাহুল্য। মুর্শিদাবাদের এই ঘটনাই এখন রাজ্যের রাজনীতি ও ধর্মীয় আবেগের কেন্দ্রবিন্দুতে।





