মুর্শিদাবাদের রাজনীতিতে আবারও নতুন করে উত্তাপ বাড়ছে। এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সামনে রেখে নানা আলোচনা চলছিলই। তার মধ্যেই হঠাৎ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে জল্পনা আরও গভীর হয়েছে। রবিবার সকাল থেকেই তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বাবরি মসজিদের সম্ভাব্য জমি ঘিরে—আর এটাই গোটা জেলায় তৈরি করেছে নতুন বাক্যুদ্ধ ও প্রশ্নচিহ্ন।
জানা গেছে, বেলডাঙার ২ নম্বর ব্লকের মরাদিঘিতে ১২ নম্বর জাতীয় সড়কের লাগোয়া জমিই বাবরি মসজিদের জন্য নির্ধারিত। আর সেই জমি নিজে উপস্থিত থেকে খতিয়ে দেখেন হুমায়ুন। আগামী ৬ ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছে। সেই প্রস্তুতিতেই ব্যস্ত তিনি। হুমায়ুন এদিন বলেন, তাঁর কাছে আলাদা করে ২৫ বিঘা জমি প্রস্তুত রয়েছে, তবে এখনই বিস্তারিত কিছু বলতে চান না।
এরপর তাঁর বক্তব্যে উঠে আসে আরও বড় পরিকল্পনার কথা। তিনি জানান, ‘‘এখানে শুধু বাবরি মসজিদই হবে না। ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক, হোটেল–রেস্তোরাঁও তৈরি হবে।’’ একই সঙ্গে তিনি মুর্শিদাবাদের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা তুলে ধরে বলেন, জেলার একমাত্র মেডিক্যাল কলেজে ‘‘একটা বেডে তিনজন রোগীকে শুতে হয়’’। অনেকে উপযুক্ত পরিষেবা না পেয়ে কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ পর্যন্ত যেতে বাধ্য হন। তাই নতুন হাসপাতাল তৈরির প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন তিনি।
কিন্তু হুমায়ুনের মন্তব্য ও উদ্যোগে যে দল কোনওভাবেই সন্তুষ্ট নয় সেটা খোলাখুলিই জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। কাউকে ঠেস দিয়ে রাজনীতি করা আমাদের কাজ নয়।’’ দলীয় অসন্তোষের মাঝেও হুমায়ুন নিজের অবস্থানে অনড়। তাঁর বক্তব্য—বাবরি মসজিদ হবেই। এই অবস্থানেই দলের মধ্যে চাপা ক্ষোভ আরও বাড়ছিল বলে রাজনৈতিক মহলের দাবি।
আরও পড়ুনঃ West Bengal: তৃণমূলের প্রধানই ‘বাংলাদেশি’? ভোটার লিস্টে ‘প্রতিবেশীকে বাবা’ বানানোর বিস্ফোরক অভিযোগে রণক্ষেত্র এলাকা!
বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগেই তৃণমূল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে দিল। যেদিন তাঁর বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি চলছে, সেই দিনই দলীয় শাস্তি—তাই ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিষয়টি নিয়ে মুখ না খুললেও, আগামী সভায় কী হয় সেই দিকে এখন তাকিয়ে গোটা মুর্শিদাবাদ। হুমায়ুন মঞ্চে গেলে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়েই এখন বড় রহস্য।





