রাজ্যে সম্প্রতি SIR নিয়ে নানান বিতর্ক চলছে। কোথাও অভিযোগ উঠছে নাম বাদ পড়া নিয়ে, কোথাও আবার বিএলওদের উপর চাপ বেড়েছে, এসব নিয়েই তৃণমূল–বিজেপি তরজা রাজনীতিতে আরও তীব্র হয়েছে । এর মধ্যেই এক টুকরো আনন্দের খবর ফিরল উত্তরের শহরতলি থেকে। প্রশাসনিক ঝামেলা, অভিযোগ–বিক্ষোভের ভিড়ের মাঝেও একটি পরিবার ফিরে পেল হারানো আলো, ফিরে পেল বহু বছরের হারিয়ে যাওয়া ছেলের খোঁজ।
SIR নিয়ে মানুষের মনে যেমন ভয় বা অসন্তোষ দেখা যাচ্ছে, ঠিক তার উলটো অভিজ্ঞতা পেলেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও সান্ত্বনা দত্ত। দীর্ঘদিন ধরেই তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু SIR–এর ফর্ম ফিলআপের সময় ঠিক যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। পরিবারটি নিয়ম মতো নিজেদের নামের পাশাপাশি তাঁদের বহুদিনের নিখোঁজ ছেলে—তরুণ দত্তের নামও ফর্মে যুক্ত করেন। শুধু আনুষ্ঠানিকতা হিসেবেই তাঁরা ফর্ম জমা দিলেও, মনে মনে ভাবেননি কখনও যে এর সূত্রে খুলবে তিন দশকের পুরনো এক অধ্যায়।
ফর্ম জমার পর হাবড়া ২৫৯ পার্টের বিএলও যখন ভোটার কার্ড ম্যাপিং করতে বসেন, তখনই সন্দেহ জাগে। দেখা যায়, তরুণ দত্ত নামে এক ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত এলাকায় ভোটার হিসেবে নথিভুক্ত। নাম, বয়স ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখতেই পরিষ্কার হয়ে যায়—এ তিনিই সেই তরুণ দত্ত, যিনি ১৯৯৯ সালে ব্যবসায়িক ক্ষতির কারণে নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং আর কখনও ফিরে আসেননি।
এরপরই স্থানীয় প্রশাসন তরুণের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। জানা যায়, তিনি পিংলা এলাকাতেই বহু বছর ধরে বাস করছেন। পরিবারের সঙ্গে যোগাযোগের পর সব সন্দেহের অবসান হয়। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দম্পতি। তাঁদের কথায়, “আমরা ভেবেছিলাম আমাদের ছেলে হয়তো আর বেঁচেই নেই। SIR না থাকলে তার খোঁজ কখনওই মিলত না।”
আরও পড়ুনঃ Humayun Kabir: ‘বাবরি মসজিদ হবেই!’—দাবিতে অনড় হুমায়ুন কবীর! ৬ ডিসেম্বর শিলান্যাসের প্রস্তুতির মাঝেই তৃণমূলের বড় সিদ্ধান্ত—বাবরি মসজিদ ইস্যুতেই সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!
অবশেষে ২৬ বছর পর সন্তানের সন্ধান পেয়ে আনন্দে ভরে ওঠে প্রশান্ত ও সান্ত্বনা দত্তর পরিবার। রাজ্যের নানা রাজনৈতিক উত্তাপ, প্রশাসনিক সংকটের মধ্যেও এই ঘটনা যেন SIR–এর একটি মানবিক দৃষ্টান্ত হয়ে রইল। বৃদ্ধ দম্পতির কণ্ঠে তাই একটাই কথা—“ধন্যবাদ SIR।”





