ফের জনবহুল এলাকায় এক মহিলাকে চরম হেনস্থার শিকার হতে হল। ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করেন বাবু হালদার নামে এক মদ্যপ যুবক। এরপর তিনি ইলেক্ট্রনিক্স কমপ্লেক থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তাঁর অভিযোগকে গুরুত্বই দেন না পুলিশ। পরে অবশ্য তাঁরা অভিযোগ গ্রহণ করেন এবং ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতার আইটি সেক্টরগুলি সব সময় জনবহুল থাকে। কারণ সেখানে দিনে রাতে ২৪ ঘন্টাই কাজ চলতে থাকে। কিন্তু এমন এলাকাতেও তরুণীর সাথে অসভ্যতামী করার সুযোগ পেয়ে গেল এক নেশাগ্রস্ত। আক্রান্ত তরুণী জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টা নাগাদ অফিস শেষ করে এক সহকর্মীর সঙ্গে কলেজ মোড়ে দাঁড়িয়েই গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। এমন অবস্থায় এক মত্ত যুবক এসে তাঁর হাত ধরে টানাটানি শুরু করে। এমনকি প্রতিবাদ করলে তাঁকে ধাক্কাও দেয় সে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলেজ মোড়ে।
তার একটু দূরেই ছিল ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা। সেখানে অভিযোগ জানাতে গেলে প্রথমে তাঁর অভিযোগ নিয়ে গুরুত্ব দেন না পুলিশকর্মীরা। পরে অভিযোগ গ্রহণ করে থানা। তবে এমন এলাকায় কেন কোনো পুলিশ কর্মী মোতায়েন ছিলেন না সেই প্রশ্ন রয়েই যাচ্ছে ! এই ঘটনার জেরে যেমন ফের সেক্টর ফাইভে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে নারায়ণপুর থেকে বাবু হালদারকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।





