টালিগঞ্জের স্টুডিওপাড়ায় শনিবার সকাল থেকেই ছিল এক অন্যরকম ব্যস্ততা। স্বাস্থ্যসাথী প্রকল্পের বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প ঘিরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য কলাকুশলী ও টেকনিশিয়ান। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন অভিনেতা ও সাংসদ দেব (Dev)। তাঁর প্রচেষ্টাতেই বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সাত হাজারেরও বেশি কলাকুশলী এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির কাজ ঠিকভাবে এগোচ্ছে কি না তা দেখতে এদিন টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হন সদ্য সাংসদ হওয়া জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
দেবের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে পুরো প্রক্রিয়ার খোঁজখবর নিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি রাজ্যসভার সাংসদ পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই কোয়েল মল্লিককে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা চলছিল। তবে সেই সব কথায় কান না দিয়ে তিনি নতুন দায়িত্ব পালনে যে আন্তরিক তা স্পষ্ট হল শনিবারের উপস্থিতিতেই। বন্ধু ও সহকর্মী দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওতে এসে ক্যাম্পের বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। সেখানে উপস্থিত কলাকুশলীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও মন দিয়ে শোনেন। স্টুডিওপাড়ায় দুই জনপ্রিয় তারকার উপস্থিতি স্বাভাবিকভাবেই সবার মধ্যে এক বিশেষ উচ্ছ্বাস তৈরি করে।
এই ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে আসেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহসহ ইন্ডাস্ট্রির আরও অনেক সদস্য। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলালও সেখানে উপস্থিত থেকে পুরো উদ্যোগকে স্বাগত জানান। শুরুতে ১৭ মার্চ থেকে এই রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা থাকলেও পরে তা এগিয়ে এনে ১৪ মার্চ করা হয়। দেব আগেভাগেই সকল কলাকুশলীকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন, যার ফলেই সকাল থেকেই স্টুডিও প্রাঙ্গণে ভিড় দেখা যায়।
এই উদ্যোগ বাস্তবায়নের পিছনে রয়েছে দেবের দীর্ঘ প্রচেষ্টা। টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফলে টলিউডের হাজার হাজার টেকনিশিয়ান এখন থেকে এই স্বাস্থ্যসেবা প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য দেব প্রকাশ্যে কৃতজ্ঞতাও জানিয়েছেন এবং সোশ্যাল মাধ্যমে সুখবরটি ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুনঃ “কুণালদার একই অঙ্গে যে এত রূপ, তা আগে জানা ছিল না” প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত! হঠাৎ কেন এমন মন্তব্য? অভিনেত্রীকে কীভাবে চমকে দিলেন কুণাল ঘোষ?
কোয়েল মল্লিকের রাজনীতিতে আসা নিয়ে নানা মন্তব্য শোনা গেলেও দেব শুরু থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, ভালো মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন কারণ তারা মানুষের সমস্যা ভালোভাবে বুঝতে পারেন। নতুন দায়িত্বে কোয়েলকে সময় দেওয়ার আবেদনও জানান তিনি। আর সেই কথারই যেন বাস্তব প্রমাণ মিলল টেকনিশিয়ান স্টুডিওর এই উদ্যোগে। ইন্ডাস্ট্রির কল্যাণে একসঙ্গে এগিয়ে এসে দেব ও কোয়েল যেন দেখিয়ে দিলেন, জনপ্রিয়তা ছাপিয়েও দায়িত্ববোধই আসল শক্তি।





