অচেনা ও অদ্ভুত নামের এক মারাত্মক জীবাণু বর্তমানে সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। সম্প্রতি কেরালায় এক বিশেষ ধরনের ব্রেন ইটিং অ্যামিবা নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। অস্বাভাবিক এই জীবাণুতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন প্রায় চারশো জন। খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে—তাহলে কি এবার কলকাতাতেও এর ঝুঁকি তৈরি হতে পারে? শহরবাসীর উদ্বেগ বাড়তে শুরু করেছে।
কেরালার পরিস্থিতির খবর হাতে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কারণ, রোগটি জলবাহিত বলে ধারণা করা হচ্ছে। বিশেষত সাঁতারের পুল কিংবা অপরিষ্কার জলের উৎস থেকে এ সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা। ফলে শহরের মানুষকে নিরাপদ রাখতে ইতিমধ্যেই তৎপরতা বাড়িয়েছে পুরসভা। স্বাস্থ্য দফতরকে সতর্ক করা হয়েছে এবং প্রাথমিক নির্দেশ জারি হয়েছে যাতে এরকম রোগী এলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, ‘‘কেরালার ঘটনার খবর পেয়েই আমরা পুরসভার স্বাস্থ্যকর্মীদের সতর্ক করেছি। কেউ এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। গুরুতর ক্ষেত্রে সরাসরি সরকারি হাসপাতালে রেফার করার নির্দেশ দেওয়া হয়েছে।’’ পাশাপাশি, তিনি জানান, শহরের বিভিন্ন সুইমিং ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পুলের জল নিয়মিত পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনও ব্যাকটেরিয়া থেকে না যায়।
অতীন ঘোষ আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কলকাতার কোনও স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের রোগী আসেননি। তবে কোনও অভিযোগ আসলে জলের স্যাম্পেল পরীক্ষা করা হবে ওয়াটার ল্যাবে। পাশাপাশি, সাধারণ মানুষকেও তিনি সতর্ক করেছেন। বিশেষত আবাসিক এলাকার ওভারহেড ট্যাংক নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘‘শহরবাসী অন্তত দু’ থেকে তিন মাস অন্তর ট্যাংকের জল পরিষ্কার করুন। এতে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে।’’
আরও পড়ুনঃ Astrology: গুরু গোচর ২০২৫! অক্টোবরে ৩ রাশির ভাগ্যে আসছে সোনালী সুযোগ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই রোগ প্রাণঘাতী। তাই আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। অতীন ঘোষের কথায়, ‘‘যেহেতু রোগীদের মৃত্যুর খবর আসছে, তাই অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে। সচেতনতা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।’’ পুরসভার পক্ষ থেকেও সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, জল নিয়মিত পরীক্ষা করা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই একমাত্র উপায়।






