বিনা নোটিশে অনুপস্থিত কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

লকডাউনের জেরে এবার বেতন কাটা গেল পুরকর্মীদের। আগাম কোনো নোটিস না দিয়ে কাজে অনুপস্থিত থাকার দরুন বেতন কাটা শুরু হল কলকাতা পুরসভায়। বিশেষ করে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও জল সরবরাহের মতো জরুরি নাগরিক পরিষেবায় ভারপ্রাপ্ত কর্মী এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

লকডাউনের জেরে গত ৩০শে এপ্রিল পর্যন্ত শহরতলি এবং বিভিন্ন জেলায় আটকে থাকা পুরকর্মীদের ছাড় দিয়েছে পুরসভা। কিন্তু, এই মাসেও বেশ কয়েকজন জরুরি পরিষেবা দপ্তরের অফিসার ও কর্মীরা এখনও কাজে যোগ দেননি। এমনকী পুর কমিশনার বিজ্ঞপ্তি জারির করার পরেও তাঁরা নাগরিক পরিষেবায় অংশ নেননি। এই ঘটনার পরই ১লা মে থেকে বেতন কাটার সিন্ধান্ত নিল পুরবোর্ড।

পুরসভার কর্মীবর্গ বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ মঙ্গলবার জানান, “প্রায় ৪০ দিন ধরে মানবিকতার খাতিরে অনুপস্থিত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, আর ছাড় দেওয়া যাচ্ছে না। এবার কাজে যোগ দিতেই হবে। আর যদি তাঁরা দূরে কোনো জেলায় থাকেন তবে পুরসভার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তাঁদের শহরে নিয়ে আসার ব্যবস্থা করবে পুরসভা স্বয়ং।”

করোনা সংক্রমন রুখতে এবার পুরসভার দশটি বরোকে (১ থেকে ১০ নম্বর বরো) বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই দশটি বরোতে সংক্রমনের হার তুলনামূলক বেশি হওয়ায় পুরসভা এই সব অঞ্চলে বিশেষ অভিযান চালাবে। প্রতিটি বরোকে জোনাল হেডকোয়ার্টার ধরে একজন করে ডেপুটি হেলথ অফিসারকে নিয়োগ করা হবে। ওই অফিসাররা সপ্তাহে তিনদিন বরো অফিসে বসে কনটেনমেন্ট জোনে মাইক্রোপ্ল্যানিং ইউনিট ধরে ধরে বিশেষ নজরদারি চালাবেন।

এই প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “পুরসভার ৬৫০ জন স্বাস্থ্যকর্মী, ৩৫০০ ভেক্টর কন্ট্রোল এবং ১০০ দিনের কর্মীদের নিয়ে বিশেষ করোনা মোকাবিলার অভিযান চালাবে কলকাতা পুরসভা। তাই শীঘ্রই তাদের কাজে যোগ দেওয়াটা আবশ্যক।”

RELATED Articles

Leave a Comment