কলকাতা পুরসভার প্রশাসক হচ্ছেন ফিরহাদ হাকিম, তীব্র কটাক্ষ সাংসদ দিলীপ ঘোষের

এপ্রিলের মাঝামাঝি নাগাদ পুরভোট-এর প্রস্তাব ছিল রাজ্য সরকার-এর। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। তার আগেই দেশে করোনা সংক্রমন দেখা দেয়। আর সেই অবস্থায় দেশে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। তাই ওই পরিস্থিতিতে পুরভোটের প্রচার ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এরপরই সবকটি রাজনৈতিক দল পুরভোট বন্ধ করার পক্ষে সওয়াল খাড়া করে। তখন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর নির্বাচন কমিশনও পুরভোট স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

এরপর সংক্রমন ঠেকাতে দেশব্যাপী ২৫শে মার্চ থেকে দফায় দফায় লকডাউন শুরু হয়। দু-দফা পেরিয়ে এখন তৃতীয় দফায় লকডাউন ১৭ই মে পর্যন্ত মেয়াদ ধার্য করা হয়েছে। কিন্তু এর মাঝেই পুরসভার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের মেয়াদ ফুরচ্ছে। তাই কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবার প্রশাসক বসানো হচ্ছে রাজ্য-এ। করোনার জেরে পুরভোট নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তা থেকে নিষ্কৃতি পেতে শেষমেশ প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আজই একথা জানান পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার প্রশাসক হচ্ছেন ফিরহাদ হাকিম। রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হচ্ছে। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, কলকাতা পুরসভায় মোট ১৪ জনের প্রশাসক বোর্ড গঠন করা হবে। বর্তমান মেয়র সহ ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের সবাই থাকবেন সেই বোর্ডে। কাল-ই এই নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। এককথায় করোনার জেরে কলকাতা পুরসভায় ৭ই মে মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের মেয়াদ শেষ হওয়ার পরই ৮ই মে থেকে আবার প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম-ই।

এদিকে প্রশাসক হিসেবে নাম চূড়ান্ত হতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘এটা তো আগে থেকে ওদের ভাবা ছিল, যে ফিরহাদ হাকিমকেই পুরসভার মেয়র করা হবে। তাই ওরা পুরভোটের তারিখ পিছিয়েছে নানা অজুহাতে। এখন করোনার অজুহাতে প্রশাসক বসাচ্ছে। ফিরহাদকে প্রশাসক করা খুব অন্যায় কাজ। ওরা নিজেদের শাসন যেভাবেই হোক বজায় রাখতে চায়। কিন্তু যদি ভোটের পর সব হাতছাড়া হয়ে যায় তাই ওদের ভোট করতে এত ভয়।’

কলকাতা পুরসভার আইন অনুযায়ী পুরসভার মেয়রের স্থানে প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনার জেরে যে পরিস্হিতি তৈরি হয়েছে তাতে প্রশাসক ব্যতীত অন্য উপায় নেই। আজ মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং জানান, ‘বর্তমান জরুরি পরিস্থিতিতে কলকাতা পুরসভায় প্রশাসক বসাতে চলেছে রাজ্য সরকার।’ পাশাপাশি তিনি আরও বলেন, শুধু কলকাতা পুরসভা নয়, রাজ্যের আরও যে ৯৩টি পুরসভা, যেখানে ভোট হওয়ার কথা ছিল, সেখানেও প্রশাসক বসানো হবে।

আরও অন্যান্য খবর