মমতার ‘প্রিয়’ এসএসকেএমে এক বছর ধরে যৌন হেনস্থা তরুণী চিকিৎসককে, গুরুত্বই দেয়নি বিভাগীয় প্রধান

ফের যৌন হেনস্থার অভিযোগ রাজ্যে। এবার অভিযোগ এল সরকারী হাসপাতাল থেকেই। রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রিয়’ হাসপাতাল বলেও পরিচিত, সেই এসএসকেএমেই এক বিশিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন এক তরুণী চিকিৎসক।

সেই তরুণীর দাবী, কর্তৃপক্ষকে তিনি বারবার এই বিষয়ে জানিয়েছেন, কিন্ত কোনও লাভ হয়নি। এমনকি বিভাগীয় প্রধানকেও অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে জানান ওই তরুণী। কিন্তু ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তারা। শুধু তাই-ই নয়, বারবার অভিযোগ করায় উলটে ওই তরুণীর সঙ্গেই দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তরুণী চিকিৎসক।

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে যৌন নিগ্রহ করছে এসএসকেএমেরই এক বিশিষ্ট চিকিৎসক। জোর করে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন তিনি। এই বিষয়ে অভিযোগ করলে তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তরুণীর অভিযোগ, তাঁকে মেসেজ করেও বিরক্ত করতেন ওই চিকিৎসক। মাঝরাতে পর্যন্ত একাধিকবার ফোন করে উত্যক্ত করা হত বলে অভিযোগ।

আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে

কর্তৃপক্ষ অভিযোগ না শোনায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন বছর বত্রিশের ওই তরুণী। এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন পোস্ট ডক্টরেট ট্রেনিং পদে রয়েছেন তিনি। অভিযোগ, গত বছরের মার্চ মাস থেকে তাঁকে যৌন হেনস্থা হতে হচ্ছে।

এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যেই হাসপাতালের মধ্যেও মহিলাদের সুরক্ষা কোথায়। এমনকি, কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানানোর পরও কেন তারা অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিল না, এই প্রশ্নও থেকেই যায়।

RELATED Articles