চালু হতে পারে লোকাল ট্রেন, অর্ধেক সিট থাকবে ফাঁকা, দাঁড়াবে না সব স্টেশনে

তবে কি লোকাল ট্রেন চালু হতে চলেছে শিয়ালদহ ও হাওড়া লাইনে? সূত্রের খবর তো সেরকমই বলছে। রাজ্যে খুব শিগগিরই চালু হতে চলেছে লোকাল ট্রেন। তবে ট্রেন চালু করতে গেলে মানতে হবে হরেক রকমের বিধি-নিষেধ, জানা গিয়েছে এমন টাই।

প্রথমে জানানো হয়েছে যে স্টেশনগুলি থেকে হকার নির্মূল করার পথে হাঁটতে পারে রেল। সেইসঙ্গে ট্রেনে ৭০০-৭৫০র বেশি যাত্রী উঠতেও দেওয়া হবে না। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে ট্রেন চালাতে রাজ্য সরকারের সাহায্য চেয়েছে রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর অনুযায়ী স্টেশনে যাবতীয় হকারদের প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে ‌। কিন্তু এই সংক্রান্ত বিষয়ে বাধা আসতে পারে এই আশঙ্কায় রেল থেকে আইন শৃঙ্খলার প্রশ্নে রাজ্যের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবারই শিয়ালদহ – বনগাঁ শাখার বারাসত স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন হকাররা। তাদের দাবি, যে কোনও সুরক্ষাবিধি মেনে চলতে রাজি তারা। কিন্তু হকার উচ্ছেদ চলবে না।এছাড়াও স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতেও আর বসতে দেওয়া হবে না বাজার। কোন স্টেশনে কী সমস্যা তা আলাদা করে খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

রেলের তরফে জানা গিয়েছে, ট্রেন চালুর আগে সমস্ত স্টেশন বেড়া দিয়ে ঘেরা হবে। স্টেশনে যাত্রী ও রেলকর্মী ছাড়া কেউ ঢুকতে পারবেন না। যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হবে থার্মাল স্ক্যানিংয়ের পর। স্টেশনে ঢুকতে গেলে পরতেই হবে মাস্ক। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের যাবতীয় বিধি। আর ট্রেনে যেতে গেলে দাঁড়িয়ে যাওয়ার কোন প্রশ্নই নেই। সূত্রের খবর, যে সব স্টেশনে হকার ও সাধারণ মানুষের সহযোগিতা মিলবে না সেখানে দাঁড়াবে না লোকাল ট্রেন।

RELATED Articles

Leave a Comment