ভোটের আগে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার নিজের বাড়িতে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল ফেটে রক্ত পড়ে পড়তে থাকে নাক ও গাল বেয়ে। জানা যাচ্ছে, ভারসাম্য বজায় রাখতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কথায়, তাঁর আঘাত গুরুতর। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে ছুaটে গিয়েছেন ফিরহাদ হাকিম ভাই বাবুন বন্দোপাধ্যায়, ইন্দ্রনীল সেন। হাসপাতালে ভিড় করেছেন একাধিক অনুগামীরাও। তাঁর চিকিৎসার জন্য নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কর্ডিওলজি, চেস্ট ও মেডিসিন-সহ দশ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়।
ওপিডি নিউরো ব্লকে নিয়ে যাওয়া হয় মমতাকে। হুইল চেয়ারে ওপিডিতে আনা হলেও সেখান থেকে গাড়িতে তোলা হয় তাঁকে। মাথায় ব্যান্ডেজ রয়েছে তাঁর। কপালে স্টিচ পড়েছে বলে খবর। এমআরআই-সিটি স্ক্যানের পর উডবার্ন ওয়ার্ড থেকে হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে বের করে নিয়ে যাওয়া হল বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। এখানে রেডিও ইমেজিং করে তাঁর ক্ষতর গভীরতা পরীক্ষা করা হবে।





