উত্তরপাড়ায় ফের শুরু হয়েছে রাজনৈতিক সরগরম। সকাল থেকেই রাস্তায়, মোড়ে, দেওয়ালে একের পর এক রহস্যময় পোস্টার দেখে হতবাক সাধারণ মানুষ। কোথাও বড় অক্ষরে লেখা, “রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ,” আবার কোথাও লেখা “বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা?”— নিচে সই করা নাম ভারতীয় জনতা পার্টির।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই এলাকায় দেখা মেলেনি উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁদের দাবি, মানুষের নিত্যদিনের সমস্যা যেমন রাস্তাঘাটের বেহাল দশা, জলনিকাশি ও নোংরা পরিবেশ নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অফিসে যোগাযোগ করলেও সাড়া মেলে না বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই পোস্টারের মাধ্যমে ‘বিধায়কের নিখোঁজ’ বার্তা পৌঁছে দিতে হয়েছে সাধারণ মানুষের কাছে। এক বিজেপি কর্মীর কথায়, “মানুষ সমস্যায় জর্জরিত, অথচ বিধায়ক যেন উধাও।”
তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরপাড়ার তৃণমূল নেতা পিনাকী বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধায়কের তহবিল থেকে নবগ্রামে রাস্তা তৈরি হয়েছে। বিজেপি যদি সেটা দেখতে না পায়, তবে সেটা তাদের রাজনৈতিক অন্ধত্ব।” তাঁর মতে, কাঞ্চন মল্লিক একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব— নানা দায়িত্ব সামলে তাঁকে এলাকায় সময় দিতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তা নিয়ে এমন নাটকীয়তা করার প্রয়োজন নেই।
তবে রাজনৈতিক বাকযুদ্ধের মাঝেই এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, রাস্তার কাজ ঠিকঠাক হলেও টিকছে না বেশিদিন। “পুজোর সময় একটু কাজ হয়, তারপরেই সব আগের মতো হয়ে যায়,” জানালেন নবগ্রামের এক বাসিন্দা। কানাইপুর, রঘুনাথপুর, নবগ্রাম— সর্বত্রই একই অভিযোগ। কারও কথায়, “রাজনীতি অনেক দেখেছি, এখন চাই শুধু কাজ।”
আরও পড়ুনঃ Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রস্তাব ২০০ সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা!
আসন্ন বিধানসভা ভোটের আগে এই পোস্টারকাণ্ডে রাজনীতি ফের উত্তপ্ত উত্তরপাড়ায়। বিজেপির অভিযোগে যেমন চাপা ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, তেমনি তৃণমূলও পাল্টা প্রচারে নেমেছে। এখন দেখার, ‘নিখোঁজ’ অভিযোগের জবাব দিতে কবে সামনে আসেন বিধায়ক কাঞ্চন মল্লিক নিজে, আর ততদিন এই পোস্টার-রাজনীতি ঘিরেই সরগরম থাকবে হুগলির রাজপথ।





