হাতছানি দিচ্ছে শীত, দশ বছরে পারদের রেকর্ড পতন কলকাতায়, অক্টোবরেই ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা

বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছুদিন হল। এখন হেমন্তের হিমেল বাতাস চারিদিকে। আবহাওয়ার পরিবর্তন সকলেই টের পেয়েছে ইতিমধ্যেই। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা নামবে। এখনই হালকা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে বটে। এরই মাঝে কলকাতায় রেকর্ড পতন হল পারদের।

কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে। গত দশ বছরের মধ্যে অক্টোবরে এটাই রেকর্ড তাপমাত্রার পতন তিলোত্তমায়। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজকে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে ২০১২ সালের অক্টোবর মাসে তাপমাত্রার পারদ নেমেছিল ২০ ডিগ্রির নিচে। সেই বছর ২৮শে অক্টোবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। আকাশ আংশিকমেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেইভাবে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। দুই বঙ্গেই তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী পাঁচদিনে।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির কাছাকাছি। এখনই জাঁকিয়ে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমই থাকবে কলকাতার তুলনায়। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে বলেও জানা যাচ্ছে।

আরও অন্যান্য খবর