হাওড়ায় এবার মোবাইল ভ্যানে করে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ চলছে

কোভিড-১৯ মোকাবিলায় এবার তৎপরতা দেখালো হাওড়া। রবিবার সকালে মোবাইল ভ্যানে করে হাওড়ার হটস্পট এলাকা উড়িয়াপাড়াতে পৌঁছান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এলাকায় আগে থেকেই করোনা পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হয়েছিল। সেই মতই এলাকার বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হয়। মোট ১০০জনের লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওই এলাকায় বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, হাওড়ায় এ পর্যন্ত আক্রান্তের হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। রেড জোনের মধ্যে জায়গা ঠিক করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে বাসিন্দাদের পরীক্ষা করা চলবে। এছাড়াও এলাকায় মেডিকেল টিমও পাঠিয়েও পরীক্ষা চলবে। হাওড়াকে প্রথম থেকেই অতি স্পর্শকাতর এলাকা বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন যাতে সকলে মেনে চলছিলেন, তারও আবেদন জানিয়েছেন তিনি। এবার হাওড়ার পরিস্থিতি আয়ত্তে আনতে অতি তৎপর হয়েছেন জেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে কড়া নজরদারিও।

আরও অন্যান্য খবর