Calcutta High Court : জামিনের আবেদন খারিজ, নতুন অভিযোগের পথ বন্ধ! শর্মিষ্ঠার জন্য স্বস্তির খবর হাইকোর্ট থেকে!

আইনের ছাত্রী এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli) আবারও খবরের শিরোনামে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে করা এক বিতর্কিত পোস্ট তাঁকে পৌঁছে দিয়েছে আইনি জটিলতায়। অভিযোগ, তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ছিল আপত্তিকর ভাষা ও সাম্প্রদায়িক মন্তব্য, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই পোস্টের জেরে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যদিও হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান শর্মিষ্ঠা। সেই মামলার শুনানিতে মিলল মিশ্র সুর।

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি জানিয়ে দেন, অন্তর্বর্তীকালীন জামিন এখনই দেওয়া যাবে না। তবে পুলিশকে স্পষ্ট করে জানানো হয়েছে, শর্মিষ্ঠার বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ দায়ের করা যাবে না। আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির সময় মামলার কেস ডাইরি জমা দিতে হবে। ৫ জুন ফের শুনানি হবে এই মামলার।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রথম অভিযোগ জমা পড়ে গার্ডেনরিচ থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় পুলিশ। আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১২ জুন পর্যন্ত শর্মিষ্ঠাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বলিউড তারকাদের নীরবতা নিয়ে শর্মিষ্ঠা একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন, যেখানে পুলিশের দাবি অনুযায়ী ব্যবহার হয়েছিল ‘অসম্মানজনক ও সাম্প্রদায়িক’ ভাষা। একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করা হয় বলেই দাবি তদন্তকারীদের। যদিও শর্মিষ্ঠা পরে সেই পোস্ট ডিলিট করে দেন, ততক্ষণে তা ভাইরাল হয়ে যায় এবং পুলিশি পদক্ষেপ শুরু হয়।

আরও পড়ুনঃ Breaking news : সম্পর্ক ভাঙায় গর্জে উঠল প্রেমিক! পার্কে ডেকে ছুরি চালিয়ে, আগুনে পু*ড়িয়ে তরুণীকে খু*ন!

পুলিশ স্পষ্ট জানিয়েছে, গ্রেফতারি সংক্রান্ত প্রতিটি পদক্ষেপ আইন মোতাবেক এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধও করেছে কলকাতা পুলিশ। ভুয়ো তথ্য ছড়ালে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles