‘কলকাতা ছাড়া দুর্গাপুজো ভাবতেই পারি না, পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব’, পুজোর মণ্ডপের উদ্বোধনে আবেগতাড়িত হয়ে পড়লেন সৌরভ

খেলা হোক না ঘোরাফেরা, দেশ-বিদেশের একাধিক জায়গায় গিয়েছেন তিনি। নানান দেশের নানান ধর্মের নানান অনুষ্ঠান, রীতি বেশ কাছ থেকেও দেখেছেন। কিন্তু কোনও উৎসবই যেন সেভাবে তাঁর মনে দাগ কাটতে পারে নি, যতটা দুর্গাপুজো পেরেছে। আর হবে নাই বা কেন, আদতে যে তিনি পুরদস্তুর বাঙালি। তাই তো সগর্বে তিনি বলেই দিলেন, “দুর্গাপুজো পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব”।

মহাপঞ্চমীর সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ওজন আবাসন কমপ্লেক্সের পুজো উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার অন্যতম বিলাসবহুল আবাসনগুলির মধ্যে একটি হল ওজন। প্রায় ১৫০০ মানুষের বাস এই আবাসনে। এই বছর ওজনের পুজো চতুর্থ বর্ষে পড়ল।

এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে এসে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন মহারাজ। এদিন একটি ভিডিওর মাধ্যমে সৌরভের ক্রিকেট জীবনের নানান মুহূর্ত তুলে ধরেন আয়োজকরা। সৌরভ বলেন, “আমি বারবার একটা কথাই বলি, দুর্গাপুজোর মধ্যে একটা জাদু রয়েছে। বাঙালি ঘরে ঘরে যত সমস্যাই থাকুক না কেন, সব অন্ধকার কেটে আলো আনে এই শ্রেষ্ঠ উৎসব। এত সর্বজনীন আবেগ কোনও উৎসবে থাকে না। আমি বিদেশে গিয়েও দেখেছি নানা উৎসব। কিন্তু এই পাঁচটা দিন বাঙালি নিজেকে হারিয়ে ফেলে। কলকাতা ছাড়া দুর্গাপুজো ভাবতেই পারি না”।

এদিন তাঁর ক্রিকেট জীবনের সময়ের এক ঘটনার কথাও শেয়ার করেন সৌরভ। বলেন, “একবার এই পুজোর আগেই গ্রেগ চ্যাপেলের বিতর্কিত পর্ব ঘটেছিল। আমি ভারতীয় দল থেকে অজানা কারণে বাদ পড়েছিলাম। সেবার সবেমাত্র কলকাতায় এসেছি, সেইসময়ও বিষাদ-মাখা মনকে চাঙ্গা করে দিয়েছিল দুর্গাপুজো। পাড়ার পুজো প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম। সবাই এসে কথা বলত, ঢাক বাজাতাম। সেবারও অঞ্জলি দিয়েছিলাম”।

এদিন এই ওজন আবাসনের বাসিন্দাদের উদ্দেশে সৌরভ বলেন, “আবাসনের পুজো খুব ভাল হয়। সবাই এসে উৎসব পালন করেন। বছরের বাকি সময় অনেকেই চাকরি নিয়ে ব্যস্ত থাকেন। সকালে বেরিয়ে বাড়ি ফেরেন রাতে, তারপর পরিবারকে কেন্দ্র করেই সময়টা চলে যায়। আনন্দ সেইভাবে করা হয় না, তাই এ সময় মন ভরে আনন্দ করুন। উৎসবের দিনগুলো উপভোগ করুন সকলেই”।

RELATED Articles