Suvendu Adhikari : “মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তৃণমূল!”— এসআইআর ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলে CEO দফতরে শুভেন্দু অধিকারী।

রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর (SIR)। ভোটার তালিকা পর্যালোচনার এই পর্যায়ে রাজ্যের নানা প্রান্তে উত্তেজনার বাতাবরণ। সোমবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছেন বিএলও (BLO) কর্মীরা। কিন্তু কাজ শুরুর প্রথম দিনেই বিভিন্ন জায়গা থেকে হেনস্থার অভিযোগ উঠে আসছে। ঠিক এই পরিস্থিতিতেই সোমবার দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে পৌঁছন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিল একাধিক লিখিত অভিযোগ, যা তিনি সরাসরি কমিশনের হাতে তুলে দেন।

CEO দফতরের বাইরে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, “মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা। যে সাংবিধানিক বডিকে ভয় দেখাচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির তলা থেকে মিছিল করবে! এই মিছিল ভারতীয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়।” তাঁর অভিযোগ, সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে মিছিলে ভিড় বাড়ানো হচ্ছে। বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর—এসব অঞ্চল থেকেই গাড়ি করে লোক আসছে বলেই তাঁর অভিযোগ।

আগামী মঙ্গলবার তৃণমূলের বড় মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল রেড রোডের আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যাবে। রানি রাসমনি, কেসি দাস মোড়, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে যাবে মিছিলের পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান প্রণেতা আম্বেদকর ও রবীন্দ্রনাথ ঠাকুরকে যুক্ত করে সাংকেতিক বার্তা দিতে চাইছে তৃণমূল। কিন্তু শুভেন্দু প্রশ্ন তুলেছেন—“যারা সাংবিধানিক সংস্থাকে ভয় দেখাচ্ছে, তারা আবার সংবিধান রক্ষার দাবি করছে কেন?”

শুভেন্দুর বক্তব্য, “এসআইআর হবেই, কোনওভাবেই তা আটকানো সম্ভব নয়।” তাঁর দাবি, এই প্রক্রিয়ায় এক কোটিরও বেশি নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। সোমবার মথুরাপুরের সভা থেকে তিনি আরও বলেন, ২০০২ সালের তালিকার সঙ্গে ২০২৫ সালের লিঙ্কে রয়েছে ৩ কোটি ৮০ লক্ষ নাম, অথচ রাজ্যে ভোটার সংখ্যা ৭ কোটি ৩৩ লক্ষ। এছাড়া ১৩ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ SIR : শুরু ভোটার তালিকা সংশোধন! বাড়িতে পৌঁছে দিচ্ছেন BLO-রা ফর্ম, জানুন কীভাবে পূরণ করবেন সঠিকভাবে!

SIR ঘিরে বিরোধী দল ও শাসক দলের এই মুখোমুখি সংঘাত নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক আবহকে আরও গরম করবে। একদিকে শুভেন্দুর অভিযোগ, অন্যদিকে তৃণমূলের পাল্টা প্রচার—সব মিলিয়ে কমিশনের দফতরের সামনে থেকেই শুরু হয়েছে রাজনীতির নতুন পর্ব। মঙ্গলবারের মিছিলের পর এই উত্তাপ আরও কতটা বাড়ে, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles