দক্ষিণ কলকাতার পর এবার উত্তর কলকাতা। ফের সেই একই চিত্র দেখা দিল এবার আমহার্স্ট স্ট্রীটে। বিজেপির মিছিলের উপর হামলা তৃণমূলের। এর জেরে রণক্ষেত্র হয়ে উঠল তিলোত্তমার মধ্যকেন্দ্র। তৃণমূলের এই হামলার তীব্র নিন্দা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
আজ, বুধবার কলেজ স্ট্রীট থেকে রোড শো ছিল বিজেপির। এই রোড শো-য়ে অংশ নেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং-সহ অন্যান্য বিজেপি নেতা। অভিযোগ, মিছিল যখনই আমহার্স্ট স্ট্রীটের কাছে পৌঁছয়, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। দু’পক্ষের হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার জয়ের পথে বাধা হতে পারে আব্বাস সিদ্দিকিরা, ক্রমশ বাড়ছে উদ্বেগ!!!
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলই মিছিলে হামলা চালায়। মিছিল যখন কলেজ স্ট্রীট থেকে আমহার্স্ট স্ট্রীটের দিকে যাচ্ছিল, সেই সময় তৃণমূলের পতাকা ও ঝাঁটা হাতে তেড়ে আসে বিক্ষোভকারীরা। চলে ইটবৃষ্টি। বিজেপির দাবী, সেখানে যথেষ্ট পরিমাণ পুলিশ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়নি। এরপর বিজেপি কর্মীরা এই হামলার জবাব দিলেই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এই হামলার তীব্র বিরোধিতা করেছেন সদ্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ মিছিলের উপর হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে”। এরপরই শাসকদলকে শানিয়ে তিনি বলেন, “যখন কোনও রাজনৈতিক দল ভয় পায়, বুঝতে পারে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তখন তারা এসব করে। তৃণমূলও বুঝতে পেরেছে, এত কাজ হয়েছে বলে দাবী করার পরেও মানুষের মনে তাদের জন্য জায়গা তৈরি হয়নি”।
আরও পড়ুন- এই রে! মুখ ফসকে তোলাবাজির কথা স্বীকার তৃণমূল সুপ্রিমোর, বললেন গ্রামের গরীব লোকেরা ৫-১০ টাকা তোলে
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ থেকে মিছিল করেন। সেদিনও এমনই ঘটনা ঘটেছিল। চারু মার্কেট এলাকায় বিজেপির মিছিলকে লক্ষ্য করে ইটবৃষ্টি চালায় তৃণমূল। সেই ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল ফের আজ আমহার্স্ট স্ট্রীটে।





