Kasba ra*pe case : তৃণমূল ঘনিষ্ঠ ছাত্রনেতা মনোজিৎ মিশ্রই নিয়ন্ত্রণ করতেন কলেজের সিসিটিভি ক্যামেরা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য!

দক্ষিণ কলকাতার নামী এক আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে শিক্ষামহলের মধ্যে উঠছে একটাই প্রশ্ন—নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কলেজের মধ্যে কী ভাবে ঘটে গেল এমন ভয়াবহ অপরাধ? ঘটনার পরে কার্যত আতঙ্কে কাঁপছেন ওই কলেজের ছাত্রীছাত্রীরা।

ঘটনার তদন্তে উঠে এসেছে এক বিপজ্জনক তথ্য—কলেজের ভিতরে লাগানো সিসিটিভির অ্যাকসেস শুধুমাত্র উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের ঘরেই নয়, সেই সঙ্গে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইলেও ছিল! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, বুধবার সন্ধ্যায় ছাত্রীকে কালচারাল রুম থেকে শৌচাগার ঘুরিয়ে শেষে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার সময় কী সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করে দেওয়া হয়েছিল?

মনোজিৎ ছিলেন কলেজের ছাত্র এবং বর্তমানে অস্থায়ী কর্মী। ক্যাম্পাসে তিনি কতটা প্রভাবশালী ছিলেন, তা বোঝাতে ছাত্রছাত্রীদের মোবাইলে কলেজের লাইভ সিসিটিভি ফুটেজ দেখাতেন বলেই অভিযোগ। এমনকী কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ, তাঁর এই গুণ্ডামির কথা জেনেও কলেজ পরিচালন সমিতি তাঁকে সাত-আট মাস আগে চাকরিতে বহাল করে।

যে সময়টায় কলেজে ছাত্রছাত্রীদের থাকার অনুমতি থাকে, তার বাইরে কেউ প্রবেশ করলে তা রেজিস্টারে লিখতে হয়—এমন নিয়ম থাকলেও মনোজিৎ ও তাঁর সহযোগীরা তা মানতেন না। উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় যদিও ক্যামেরার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন, পুলিশের তদন্তে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ফরেনসিক টিম এবং পুলিশ কমিশনার ঘটনাস্থলে গিয়েছেন, দুটি ঘর সিল করা হয়েছে।

আরও পড়ুনঃ Kasba ra*pe case : ‘ওই মুহূর্তের ভিডিয়ো করে ব্ল্যাকমেল’, মেডিক্যাল রিপোর্টে বিভীষিকা! কসবা ধর্ষণ*কাণ্ডে তৃণমূল নেতার পাশবিকতা প্রকাশ্যে!

এই ঘটনায় সিসিটিভি ফুটেজই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। গার্ড রুম, কালচারাল রুম, ক্যাম্পাসের প্রবেশপথ—সবখানেই ক্যামেরা লাগানো রয়েছে। কিন্তু মনোজিৎ যদি নিজেই সেই সিস্টেম নিয়ন্ত্রণ করতেন, তাহলে কি সত্যিই ফুটেজে প্রমাণ পাওয়া যাবে? নাকি সব তথ্য মুছে ফেলা হয়েছে? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে এই বর্বর ঘটনায় সত্যি সামনে আসবে কিনা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles