ভোরবেলা ভয়াবহ আগুন তিলজলার প্রিন্টিং দোকানে, আগুনে ঝলসে মৃত্যু দোকানের ভিতরে থাকা বাবা-ছেলের

ফের অগ্নিকাণ্ড শহরে। এবার স্থান তিলজলা। আগুনে ঝলসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের। একজন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও গুরুতর। আগুন নেভানোর চেষ্টায় দমকল বাহিনী।

আজ, বৃহস্পতিবার ভোরে তপসিয়া থানা এলাকার তিলজলার এক দোকানে আগুন লেগে যায়। সেই সময় দোকানের ভিতরে ছিলেন বাবা ও ছেলে। আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। আরও একজন ছিলেন দোকানের ভিতর। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।

জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ৭টা নাগাদ তিলজলার এই হাওয়াই চটি রঙ করার দোকানে আগুন ধরে যায়। আগুনের ফুলকি দেখে ছুটে আসেন স্থানীয়রা। আগুন নেভানোর চেষ্টা করা হয়। রাতে দোকানের ভিতরেই ছিলেন এক ব্যক্তি ও তাঁর দুই ছেলে। আগুন লাগার পর ছোটো ছেলেকে উদ্ধার করে বাইরে বের করা হলেও বাবা ও আরেক ছেলে ভিতরেই রয়ে যান। ঝলসে মৃত্যু হয় তাদের। ছোটো ছেলেকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

মৃত্যু হয়েছে বাবা মহম্মদ নাসিম আখতার ও তাঁর বড় ছেলে মহম্মদ আমিরের। ছোটো ছেলে মহম্মদ জসিম ভর্তি হাসপাতালে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকেলর ৪টি ইঞ্জিন, তপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। দোকানটি ঘিঞ্জি এলাকার মধ্যে হওয়ার কারণে ঢুকতে পারেনি দমকল। পাইপের মাধ্যমে জল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চলে।

জানা গিয়েছে, দোকানের ভিতরে দাহ্য় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে অন্যান্য় দোকানে ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, দোকান থেকে এখনও কালো ধোঁয়া বেরোচ্ছে। তবে ঠিক কী কারণে এমন ভয়াবহ আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।  

RELATED Articles