চীনের সঙ্গে সীমান্ত আগ্রাসন এখন অনেকটাই নিয়ন্ত্রিত। সীমান্তে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান এম এম নারভানে। প্রসঙ্গত প্রায় পাঁচ সপ্তাহ ধরে পূর্ব লাদাখে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে ভারত-চীন সেনা। শুধু লাদাখেই নয়, পুরো ভারত-চীন সীমান্ত জুড়েই সেনা বাড়িয়েছে প্রতিবেশী দেশ। পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতও।
এই দিন সেই প্রসঙ্গেই নিজের বক্তব্য রাখেন সেনাপ্রধান নারভানে। তিনি বলেন যে পর্যায়ক্রমে কথা হচ্ছে চীনের সঙ্গে। কোর কম্যান্ডার লেভেলে আলোচনার পর এখন স্থানীয় স্তরে কম্যান্ডারদের মধ্যে কথা চলছে।
এর ফলে সেনার সংখ্যা সীমান্তে কমেছে বলে জানান নারভানে। তিনি আশাপ্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে আপাতদৃষ্টিতে সীমান্ত নিয়ে যে সব বিভেদ আছে দুই দেশের মধ্যে, তা মিটে যাবে। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন সেনাপ্রধান।
প্রসঙ্গত শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন যেখানে পুরো পরিস্থিতি সম্বন্ধে তাঁকে অবহিত করান সেনাপ্রধান। রাজনাথ আলোচনার ওপর জোর দিলেও শক্ত হাতে মধ্যস্থতা করার পরামর্শ দিয়েছেন, সূত্রের খবর।





