প্যালেস্তাইনে উদ্ধার হল ভারতীয় রাষ্ট্রদূতের মৃতদেহ। দূতাবাসের মধ্যেই রাষ্ট্রদূত মুকুল আর্যর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুকুল আর্যর মৃত্যুতে টুইট করে শোকবার্তা দিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, প্যালেস্তাইনের রমল্লায় মৃত অবস্থায় উদ্ধার হয়েছে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর মৃতদেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা অবশ্য এখনও জানা যায়নি। এই নিয়ে বেশ রহস্য দানা বেঁধেছে।
ভারতীয় বিদেশ মন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “রমল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যর মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত”। বিদেশমন্ত্রী প্যালেস্তাইনে ভারতীয় রাজদূতের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। এই ভারতীয় বিদেশ সেবা আধিকারিক আর্যর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এই বিষয়ে প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক বলেছে, এই খবর পাওয়ার পরই রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ স্বাস্থ্য ও মেডিসিন মন্ত্রক ও পুলিশ ও সরকারি আধিকারিকদের সেই স্থানে যাওয়ার ও গোটা বিষ্যটির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।
মুকুল আর্য ২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কাবুল ও মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সদর দফতরে থাকতেন তিনি। মুকুল আর্য প্যারিসে ইউনেস্কোতে ভারতের প্রতিনিধি দলেও কাজ করেছেন।
ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদানের আগে মুকুল আর্য দিল্লি ইউনিভার্সিটি ও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।





