একটা মানুষের পক্ষে কতগুলো ভাষা একসঙ্গে জানা সম্ভব? একটা, দুটো, নিদানপক্ষে ১২-১৫টা। কিন্তু একসঙ্গে ১২০টা ভাষা জানা আর সেই সব ভাষাতেই অনর্গল গান গেয়ে যাওয়া তা বলতে গেলে একপ্রকার অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন দুবাই-নিবাসী সুচেতা সতীশ। মাত্র ১৩ বছর বয়সেই নিজের এই দক্ষতার প্রদর্শন করেছেন তিনি এবং গড়েছেন বিশ্ব রেকর্ড।
১২০টা ভাষাতে গান গেয়ে সুচেতা জিতে নিয়েছেন 100 Global Child Prodigy Award। তবে এই অ্যাওয়ার্ড তিনি জিতেছেন শুধু ১২০টি ভাষাতে গান গাওয়ার জন্য নয়, জিতেছেন একজন শিশুশিল্পী হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে কনসার্ট করার কারণেও।
দুবাইয়ের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সুচেতা দুবাই ইন্ডিয়ান হাই স্কুলের ছাত্রী। তিনি আগেও এরকম অনেক ভাষায় গান গেয়েছেন। এই বিষয়ে সুচেতা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন দুটি কারণে। একটি সবচেয়ে বেশি সময় ধরে গান গাওয়ার জন্য ও অনেকগুলি ভাষাতে গান গাওয়ার জন্য। দুবাইয়ের ইন্ডিয়ান কনসুলেট অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে ১২০টি ভাষায় ৬.১৫ঘণ্টা গান গেয়েছিলেন সুচেতা।
নিজের রেকর্ড নিয়ে কথা বলার পর নিজের নতুন অ্যালবাম নিয়েও ক্তা বলেন সুচেতা। জানান, খুব শিগগিরি তাঁর অ্যালবাম আসছে আল হাবিবি। এও জানান যে, মালয়ালম সুপারস্টার মামুতি ও উন্নি মুকুন্দকেও তাঁর অ্যালবামে দেখা যাবে। তারা দুবাইয়ে শুটিং করতে গিয়েছিলেন, সেখানেই তাদের সঙ্গে দেখা করতে যান সুচেতা। সেখানেই তাদের আলাপ। সুচেতা জানান যে, লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে রেওয়াজ করেন তিনি। পড়াশোনার ক্ষতি না করেই যে তিনি গানের জন্য সময় বের করে এতটা এগোতে পেরেছেন, তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন সুচেতা।





