এতদিন পর্যন্ত অন্য রাজ্য থেকে খবর আসছল, এবার এ রাজ্যেও সেই আশঙ্কা সত্যি হল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে হাস-মুরগির মৃত্যু নিয়ে ছড়াল আতঙ্ক। আজ দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস-মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই দেখেই তাদের মনে বার্ড ফ্লু-এর আশঙ্কা জাগে।
স্থানীয়দের থেকে পাওয়া খবর অনুযায়ী, এদিন দুর্গাপুরের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু মৃত হাঁস-মুরগি দেখা যায়। তা দেখেই পুলিশে খবর দেন তারা। কিন্তু অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর জেরে আরও বেশি আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর তারা দুর্গাপুর মহকুয়া শাসকের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে বলা হয়, তারা প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছেন।
আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে। তবে বার্ড ফ্লু নিয়ে এদিন অ্যাডভাইজারি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, আজই দিল্লি ও মহারাষ্ট্রে বার্ড ফ্লু নিশ্চিত করেছে এই রাজ্যের সরকার। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশের ৯ট রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে।
প্রসঙ্গত, কাতারে কাতারে হাঁস-মুরগি মারা যাচ্ছে এই ফ্লু-এর কারণে। রবিবারও শ’য়ে শ’য়ে পাখি মারা গিয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। ন্যাশানাল লাইব্রেরিতে মৃত পাখির নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু-এর হদিশ মিলেছে। হরিয়ানা, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশে প্রথম ধরা পড়ে বার্ড ফ্লু। এরপর আজকের দুর্গাপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে।






