হুলস্থূল কাণ্ড ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে, অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে আহত ৩০ ভক্ত, অধিকাংশই বিধবা বৃদ্ধা

ফের একবার পুরীর জগন্নাথ মন্দিরে ঘটল অঘটন। চূড়ান্ত এক বিশৃঙ্খলা দেখা গেল জগন্নাথ মন্দিরে। ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে আহত হলেন ৩০ জন ভক্ত। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে ৩০ জনের।

কী ঘটেছিল ঘটনাটি?

গত শুক্রবার ভোরে মন্দির খোলার আগে থেকেই অনেক ভক্ত মন্দিরের প্রবেশদ্বারের সামনে উপস্থিত হয়েছিলেন। সেই ‘সিংহ গেট’-এ আগত ভক্তদের অনেকেই ছিলেন ‘হবিষ্যালি’ বা কার্তিক মাসে উপবাস পালনকারী বিধবা। এদিন ভোরে মঙ্গল আরতি দেখার জন্য সমাগম ঘটে ভক্তদের। আর তখনই ঘটে যায় বিপত্তি।

মন্দিরের গেট খুলে ভক্তদের ভিতরে প্রবেশের অনুমতি দিতেই আচমকা শুরু হয়ে যায় হুড়োহুড়ি। হুড়মুড়িয়ে ঢুকতে যান সকলে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই হুড়োহুড়ির জেরেই পদপিষ্ট হয়ে যান একাধিক ভক্ত। ভক্তদের মধ্যে বেশীরভাগই ছিলেন বিধবা বৃদ্ধা।   

কেন ঘটল এমন ঘটনা?

অভিযোগ, মন্দিরের নাটমণ্ডপ ও জয়-বিজয় দ্বারের সামনে পর্যাপ্ত কোনও ব্যারিকেড ছিল না। তার জেরেই এমন দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, শুধুমাত্র পদপিষ্টই নয়, এদিন অনেক ভক্তের শ্বাসকষ্টও শুরু হয় ভিড়ের কারণে। অসুস্থ হয়ে পড়েন তারা। অচেতন হয়ে পড়েন মন্দিরে। পরবর্তীতে এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত, গত মার্চ মাসেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল জগন্নাথ মন্দিরে। তখনও ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবারের মতো সেবারে পরিস্থিতি ততটাও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সেই ঘটনায় আহত হয়েছিলেন একজন মহিলা ভক্ত।  

RELATED Articles