একসঙ্গে জ্বলছে ৫ লক্ষ ৮৪ হাজার ৫৭২টি প্রদীপ। এই বিপুল আলোর জোরেই বিশ্বরেকর্ড গড়ল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) স্বপ্নের অযোধ্যা। নাম উঠল গিনেস বুকে। আগে থেকেই ঠিক ছিল দীপাবলি উপলক্ষে সাড়ে পাঁচ লক্ষ গোবর দিয়ে তৈরি প্রদীপে সেজে উঠবে ভগবান রামের (lord Ram) জন্মভূমি। আর তা মাথায় রেখেই চলছিল প্রস্তুতি। তবে আসল দিনে সেই সংখ্যা আরও খানিকটা বাড়ল। সরযূর তীরে প্রজ্বলিত হল মোট ৫ লক্ষ ৮৪ হাজার ৫৭২টি প্রদীপ। আর এই তুমুল আলোর সৌজন্যেই গিনেস বুকে নাম তুলল অযোধ্যা (Ayodhya)।
কথিত আছে, ১৪ বছর বনবাসে কাটানোর পর শ্রীরামচন্দ্র যখন ফের অযোধ্যায় ফেরেন তার আসার আনন্দে আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। ঠিক সেই ভাবেই প্রতিবার দীপাবলির শুভক্ষণে আলোকজ্জ্বল হয়ে ওঠে রামের জন্মভূমি।
এই বছর রাম মন্দির নির্মাণ শুরু হওয়া উপলক্ষে আরও বেশি সংখ্যক প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রদীপ তৈরিতেও ছিল বিশেষ চমক। ঠিক হয়, প্রথমবার গোবরের তৈরি প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে অযোধ্যাকে। সেই স্বপ্নই বাস্তবায়িত হয় এদিন।
https://twitter.com/ANINewsUP/status/1327255879972921344
দীপোৎসবের উদ্বোধনে গতকাল মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলও। দীপোৎসবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যোগী বলেন, “আমরা রাম মন্দির তৈরি এবং তার ভিত্তিপ্রস্থর স্থাপনের সাক্ষী থাকতে পেরেছি। তাই নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। ৫০০ বছরে বহু মানুষ রাম মন্দির গড়ার স্বপ্ন দেখেছেন। তাঁদের অনেকেই আজ নেই। তবে শেষমেশ স্বপ্ন সত্যি করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাই তাঁকে অনেক ধন্যবাদ। সমস্ত করোনা বিধি মেনেই আমরা দীপোৎসব পালন করছি। রাম মন্দির গড়ার ক্ষেত্রেও সব প্রোটোকল মাথায় রেখেই কাজ হবে।”
গতকাল আলোক উৎসবের মুহুর্তে লোকশিল্পীদের নৃত্য পরিবেশন, ট্যাবলোয় রামলীলা প্রদর্শন আর সরযূর তীরে লক্ষ লক্ষ প্রদীপের আলোয় জমজমাট হয়ে ওঠে দীপোৎসব। বিশ্বের মধ্যে প্রদীপ প্রজ্জ্বোলনে দীর্ঘতম লাইন গড়েই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে এই উৎসবের।





